পররাষ্ট্র মন্ত্রণালয়ের বাজেট এক টাকা করলে পতাকা নামাতে হবে: খলিলুর রহমান

প্রাইম বার্তা অনলাইন
৩০ জুন ২০২৬ ৬:২৮ পিএম
পররাষ্ট্র মন্ত্রণালয়ের বাজেট এক টাকা করলে পতাকা নামাতে হবে: খলিলুর রহমান

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বাজেট প্রতীকী এক টাকা নির্ধারণের প্রস্তাবের বিরোধিতা করে জাতীয় সংসদে সোচ্চার হয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তিনি বলেছেন, ব্যয় কমিয়ে এক টাকা করা হলে বিশ্বের বিভিন্ন দেশ থেকে বাংলাদেশের দূতাবাস বন্ধ করে দিতে হবে এবং সার্বভৌমত্বের প্রতীক লাল-সবুজের পতাকা নামিয়ে ফেলতে বাধ্য হবে দেশটি।

মঙ্গলবার (৩০ জুন) সংসদ অধিবেশনে ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনায় বিরোধীদলীয় সংসদ সদস্য মো. আমির হামজা মন্ত্রণালয়ের নীতিগত কার্যক্রমের প্রতিবাদে এই বাজেট ছাঁটাই প্রস্তাব আনেন। তিনি প্রতীকীভাবে বরাদ্দ এক টাকা নির্ধারণের দাবি জানালে তা কণ্ঠভোটে নাকচ হয়ে যায়।

জবাবে পররাষ্ট্রমন্ত্রী জানান, প্রস্তাবিত এক হাজার ৮৪৪ কোটি ৪৩ লাখ টাকার বাজেট কোনো সাধারণ খরচ নয়, বরং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অবস্থান শক্ত করার কৌশলগত বিনিয়োগ। তিনি তুলনা টেনে বলেন, ভারতের বিদেশ মন্ত্রকের ব্যয় প্রায় ২৯ হাজার কোটি টাকা এবং পাকিস্তানের তিন হাজার ৪০০ কোটি টাকা।

ড. খলিলুর রহমান আরও সতর্ক করে বলেন, বাজেট কমে গেলে প্রবাসীদের সেবা বন্ধের পাশাপাশি জাতিসংঘের বার্ষিক চাঁদা দিতে না পারায় সদস্যপদও হারাতে পারে বাংলাদেশ। দেশের অর্থনৈতিক উন্নয়ন ও স্বাধীনতার স্বার্থেই এই বাজেট প্রস্তাব করা হয়েছে বলে তিনি জানান।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...