তুরাগ-আশুলিয়ায় দুই মৃত্যু: রাজনীতির গুজব উড়িয়ে দিলেন পুলিশ সুপার
তুরাগ ও আশুলিয়া নদী থেকে দুই ব্যক্তির মরদেহ উদ্ধারের ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো বিভ্রান্তিমূলক তথ্যের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে ঢাকা জেলা পুলিশ। রোববার (২৮ জুন) জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি ও মিডিয়া) শামীমা পারভীন জানান, এসব মৃত্যুর সঙ্গে কোনো ধরনের রাজনৈতিক সংশ্লিষ্টতা নেই এবং সাতজনের মৃত্যুর যে গুজব ছড়ানো হচ্ছে তা সম্পূর্ণ মিথ্যা।
পুলিশ জানায়, গত ২২ জুন আশুলিয়ার গরুর হাট ঘাট এলাকায় ২০-২২ জন বন্ধুর সাথে নৌভ্রমণে বের হন সুমন নামের এক কিশোর। নৌকা থেকে নামার সময় অসাবধানতাবশত নদীতে পড়ে গেলে সাঁতার না জানার কারণে তিনি তলিয়ে যান। দীর্ঘ অনুসন্ধানের পর গত ২৬ জুন রাতে স্থানীয় জেলেদের সহযোগিতায় তার ভাসমান মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের ভাইয়ের আবেদনের ভিত্তিতে আশুলিয়া থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
অপর ঘটনায়, গত ২৪ জুন সাভারের রয়েল সিটি খেয়াঘাট এলাকায় তুরাগ নদীতে গোসল করতে নামেন রনি (৩৫) নামের এক ব্যক্তি। স্রোতের তীব্রতায় তিনি ডুবে গেলে স্থানীয়রা প্রায় ৩০ মিনিট চেষ্টার পর তার মরদেহ উদ্ধার করেন। পরে শাহআলী ও আমিনবাজার নৌ থানা পুলিশ আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করে। এ ঘটনায়ও অপমৃত্যু মামলা হয়েছে। পুলিশ সুপার জানান, এসব ঘটনা নিছক দুর্ঘটনা এবং বিভ্রান্তি ছড়ালে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

