এক্সপ্রেসওয়ে প্রকল্প: ওবায়দুল কাদের ও ১৩ সাবেক সচিবের তথ্য সংগ্রহ দুদকের

প্রাইম বার্তা অনলাইন
২৮ জুন ২০২৬ ৮:৪৩ পিএম
এক্সপ্রেসওয়ে প্রকল্প: ওবায়দুল কাদের ও ১৩ সাবেক সচিবের তথ্য সংগ্রহ দুদকের

রাজধানীর যানজট নিরসনে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পে অধিগ্রহণকৃত জমি অবৈধভাবে ব্যবহারের অভিযোগে দায়ের করা মামলার তদন্ত তুঙ্গে তুলেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ মামলায় সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং সরকারের ১৩ জন সাবেক সচিবের বিরুদ্ধে অনুসন্ধান চালানো হচ্ছে। তদন্তের অংশ হিসেবে তাদের দায়িত্ব পালনকালীন সময়ের নথিপত্র, সিদ্ধান্ত ও দাপ্তরিক কার্যক্রমের তথ্য-উপাত্ত সংগ্রহ করছেন তদন্তকারীরা।

দুদক সূত্রে জানা গেছে, ২০১৮ সালে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের আওতায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনের জন্য প্রায় ৪০ একর জমি অধিগ্রহণ করে। সরকারি গেজেটে স্পষ্টভাবে ওই জমি ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে ব্যবহারের কথা উল্লেখ থাকলেও পরে তা সরকারি কর্মকর্তাদের আবাসন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। অভিযোগ রয়েছে, ওই জমিতে ক্ষতিগ্রস্তদের জন্য ফ্ল্যাট নির্মাণ না করে ৯৯ বছরের লিজের ভিত্তিতে সরকারি কর্মচারীদের আবাসন সুবিধা প্রদানের সিদ্ধান্ত নেয়া হয়, যা সরাসরি গেজেটের শর্ত লঙ্ঘন।

দুদকের উপ-পরিচালক আক্তারুল ইসলাম জানান, মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে। প্রয়োজনীয় নথিপত্র ও তথ্য যাচাই-বাছাই শেষে আইনানুগ পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। ২০২৪ সালের ৫ আগস্টের পর অনিয়মের অভিযোগে ওবায়দুল কাদেরের বিরুদ্ধে অনুসন্ধান শুরু হলেও গত বছর তাকে এবং সাবেক মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম, সাবেক মুখ্য সচিব আহমদ কায়কাউসসহ মোট ১৪ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক মামলা দায়ের করে কমিশন।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...