প্রবাসে যেতে চান? ১০ লাখ টাকা পর্যন্ত সহজ ঋণের সুযোগ

বিদেশে কর্মসংস্থানের স্বপ্ন দেখছেন এমন বাংলাদেশিদের জন্য বড় সুখবর নিয়ে এসেছে প্রবাসী কল্যাণ ব্যাংক। বিদেশে গিয়ে ভাষা শেখা এবং কারিগরি দক্ষতা অর্জনের পথ সুগম করতে ব্যাংকটি ‘বৈদেশিক কর্মসংস্থানের উদ্দেশে ভাষাশিক্ষা ও বিশেষ দক্ষতা অর্জনের জন্য ঋণ’ নামক একটি বিশেষ ঋণ কার্যক্রম চালু করেছে। এই স্কিমের আওতায় যোগ্য আবেদনকারীরা কোনো ধরনের জামানত ছাড়াই সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ সুবিধা পাবেন।
ঋণের এই সুবিধা মূলত ভাষাগত দক্ষতা ও প্রযুক্তিগত জ্ঞানার্জনে আগ্রহীদের জন্য বিশেষভাবে প্রণয়ন করা হয়েছে। কোরিয়া, জাপান, চীন বা জার্মানির মতো দেশে পড়াশোনা বা কাজের উদ্দেশ্যে যাওয়া ব্যক্তিরা এই ঋণের মাধ্যমে সহজেই টিউশন ফি এবং থাকা-খাওয়ার খরচ মেটাতে পারবেন। এমনকি ওই দেশের শিক্ষা প্রতিষ্ঠানে সরাসরি ফি পরিশোধের সুযোগও রয়েছে এতে।
এই ঋণ পেতে আগ্রহীদের কয়েকটি শর্ত পূরণ করতে হবে। আবেদনকারীর বয়স ৪০ বছরের নিচে হতে হবে এবং তিনি যে শাখায় আবেদন করছেন ওই এলাকার স্থানীয় বাসিন্দা হতে হবে। এছাড়া গন্তব্য দেশের শিক্ষা প্রতিষ্ঠান থেকে অফার লেটার এবং নির্দিষ্ট মানের ভাষা দক্ষতার সনদ (যেমন জাপানের জন্য এন-৫, কোরিয়ার জন্য টিওপিআইকে লেভেল ৩) জমা দিতে হবে। প্রয়োজনীয় কাগজপত্রের মধ্যে জাতীয় পরিচয়পত্র ও শিক্ষাগত যোগ্যতার সনদ অন্যতম।
ঋণের সুদের হার ১১ শতাংশ নির্ধারণ করা হয়েছে, যা পরিশোধ করতে হবে সর্বোচ্চ তিন বছরের মধ্যে। আগ্রহী প্রার্থীরা প্রবাসী কল্যাণ ব্যাংকের যেকোনো শাখা ঘুরে অথবা ১৬২৩৮ নম্বরে কল করে বিস্তারিত জানতে পারেন। এছাড়া ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট থেকেও এ সংক্রান্ত তথ্য সংগ্রহ করা যাবে।

