ঢাকা-ডাবলিন সম্পর্ক জোরদার, জাতিসংঘে ভোট চাইলেন প্রতিমন্ত্রী

বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মধ্যকার কূটনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে এবং আন্তর্জাতিক ফোরামে পারস্পরিক সহযোগিতা বাড়াতে যৌথ প্রতিশ্রুতি জানিয়েছে ঢাকা ও ডাবলিন। মঙ্গলবার (৩১ মার্চ) রাজধানীতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক সৌজন্য সাক্ষাতে নয়াদিল্লিতে নিযুক্ত আয়ারল্যান্ডের অনাবাসিক রাষ্ট্রদূত কেভিন কেলি ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এই সম্মতিতে পৌঁছান।
দ্বিপাক্ষিক বৈঠকে বাণিজ্য, উন্নয়ন, শিক্ষা, ক্রীড়া এবং সংস্কৃতির পাশাপাশি কনস্যুলার ও অভিবাসন সেবার উন্নয়নে কার্যকরী পদক্ষেপ নেওয়ার বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। কেভিন কেলি বর্তমান সরকারের অধীনে দুই দেশের সম্পর্ক আরও গভীর হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। এছাড়াও, আগামী ২০২৬-২৭ মেয়াদের জন্য জাতিসংঘ সাধারণ পরিষদের (UNGA) ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থিতার বিষয়ে আয়ারল্যান্ডের সমর্থন প্রদানের আহ্বান জানান প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।
আলোচনায় দ্বিপাক্ষিক বিষয়ের পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুও স্থান পায়। আন্তর্জাতিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় দুই দেশই একে অপরের সাথে কাজ করার বিষয়ে গুরুত্বারোপ করেছে।

