বিশেষ চাহিদাসম্পন্নদের ডাকে সাড়া, দাবি বাস্তবায়নের আশ্বাস প্রধানমন্ত্রীর

প্রাইম বার্তা অনলাইন
১৭ অক্টোবর ২০২৬ ৮:৪৩ পিএম
বিশেষ চাহিদাসম্পন্নদের ডাকে সাড়া, দাবি বাস্তবায়নের আশ্বাস প্রধানমন্ত্রীর

সমাজের অবহেলিত মানুষগুলোর কণ্ঠস্বর পৌঁছে গেছে প্রধানমন্ত্রীর কাছে। শনিবার (১৭ অক্টোবর) তেজগাঁওস্থ প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ সমিতির (বিপিকেএস) প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়কালে বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের নানা দাবি শোনার পর প্রধানমন্ত্রী তারেক রহমান বেশকিছু বিষয়ে তাৎক্ষণিক পদক্ষেপ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়ার আশ্বাস দিয়েছেন। তিনি বলেন, সমাজে সবারই সম্মান নিয়ে বাঁচার অধিকার আছে এবং যাদের বিশেষ যত্ন দরকার, তাদের পাশেই রয়েছে তার সরকার। এ তথ্য নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব শাহাদাত হোসেন স্বাধীন। জানা যায়, সরকার গঠনের আগেও প্রধানমন্ত্রী এই জনগোষ্ঠীর সঙ্গে আলাপচারিতা করে তাদের অবস্থা সম্পর্কে অবগত ছিলেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনটির প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক আব্দুস সাত্তার দুলাল। আসরে ৩০ জন বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তি ও প্রতিবন্ধী সংগঠনের প্রতিনিধি মঞ্চে উঠে নিজেদের সমস্যা ও দাবি তুলে ধরেন। জাতীয় বাজেটে বরাদ্দ বাড়ানো, দক্ষতা উন্নয়ন, রাজনীতিতে অংশগ্রহণ, সিদ্ধান্ত গ্রহণের ধারায় সম্পৃক্ততা এবং কর্মসংস্থান সৃষ্টির প্রতি জোর দেন তারা। একই সঙ্গে সরকারি প্রতিষ্ঠান, হাসপাতাল ও আদালতে ইশারা ভাষার দোভাষী নিয়োগের দাবিও জোরালো করেন বক্তারা।

বক্তাদের প্রস্তাবের জবাবে প্রধানমন্ত্রী আদালত ও হাসপাতালে দোভাষী নিয়োগে দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন। কৃষিখাতে কাজ করতে চাওয়া বিশেষ চাহিদাসম্পন্নদের জন্য স্থানীয় প্রশাসনের সহায়তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে নির্দেশনা দেওয়ার কথাও জানান তিনি। চাকরিতে বয়সসীমা শিথিলের প্রস্তাব বিবেচনায় নেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তিনি বড় শহরগুলোতে অন্তত প্রতিবন্ধীবান্ধব গণপরিবহন চালুর পরিকল্পনার কথা বলেন। শিক্ষাপ্রতিষ্ঠানে এদের কর্মসংস্থান সৃষ্টিতেও কার্যকর ব্যবস্থা নেওয়ার নিশ্চয়তা দেন প্রধানমন্ত্রী। তিনি জানান, এই মতবিনিময়ে সবচেয়ে বেশি দাবি উঠেছে প্রশিক্ষণকে ঘিরে, যা উপযোগী ও কার্যকর করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেবেন।

ভাতা প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, সরকার গঠনের পর বিশেষ চাহিদাসম্পন্নদের ভাতার পরিমাণ কিছুটা বৃদ্ধি করা হয়েছে। সরকারের আর্থিক সক্ষমতার ভিত্তিতে ভবিষ্যতে এই ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে। অনুষ্ঠানে বিশেষ চাহিদাসম্পন্ন ক্রীড়াবিদ মো. মহসিন প্রধানমন্ত্রীর জন্য একটি ক্যাপ উপহার নিয়ে আসলে তিনি মঞ্চ থেকে নেমে এসে তা গ্রহণ করেন এবং বিদেশে প্রতিযোগিতায় মহসিনের দলকে সহায়তার আশ্বাস দেন। এসময় আরও বক্তব্য রাখেন সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, প্রতিমন্ত্রী ফারজানা শারমীন ও প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার। অনুষ্ঠান শেষে উপস্থিত সবার অনুরোধে প্রধানমন্ত্রী তাদের সঙ্গে গ্রুপ ছবিতে অংশ নেন।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...