সংসদ সচিবালয়ে তৃতীয়-চতুর্থ শ্রেণির নিয়োগ, বিজ্ঞপ্তি আসছে নভেম্বরের প্রথম সপ্তাহে
জাতীয় সংসদ সচিবালয়ে তৃতীয় ও চতুর্থ শ্রেণির শূন্য পদগুলোতে নিয়োগ দিতে নভেম্বর মাসের প্রথম সপ্তাহের মধ্যে দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। বুধবার (১৪ অক্টোবর) সংসদ ভবনে সচিবালয়ের জনবল-সংক্রান্ত বিষয়াদি নিয়ে গঠিত কমিটির প্রথম বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ও ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
বৈঠকে সচিবালয়ের শূন্য পদ পূরণ, কর্মকর্তা-কর্মচারীদের কর্মদক্ষতা মূল্যায়ন এবং দক্ষতা বৃদ্ধিতে কার্যকর পদক্ষেপ গ্রহণের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এছাড়া সরাসরি নিয়োগযোগ্য শূন্যপদের মধ্যে প্রথম শ্রেণির ১৫টি এবং দ্বিতীয় শ্রেণির একটি পদ দ্রুততম সময়ে পূরণের লক্ষ্যে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান বরাবর পত্র পাঠাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়।
আদালতের রায়ের পরিপ্রেক্ষিতে ৮৬ জনের নিয়োগ প্রসঙ্গেও বৈঠকে আলোচনা হয়। ওই রায়ের ভিত্তিতে সংশ্লিষ্ট পদগুলো সংরক্ষিত রেখে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার পরামর্শ দেওয়া হয় কমিটির পক্ষ থেকে।
বৈঠকে কমিটির সদস্য হুইপ এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু, কাজী রফিকুল ইসলাম, মো. সেলিম রেজা, মো. মাহবুবুল আলম ও মোসাম্মৎ শাম্মী আক্তার অংশ নেন। সভাপতির বিশেষ আমন্ত্রণে হুইপ এ বি এম আশরাফ উদ্দিন (নিজান)-ও উপস্থিত ছিলেন, পাশাপাশি সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা বৈঠকে ছিলেন। উল্লেখ্য, অন্তর্বর্তীকালীন সরকারের আমলে ২০২৫ সালের ১৬ সেপ্টেম্বরে গঠিত এই কমিটিকে চলতি বছরের ১৪ অক্টোবর থেকে বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

