সারের সংকট নয়, উদ্বৃত্ত থাকবে প্রায় ১৬ লাখ টন: প্রতিমন্ত্রী টুকু

প্রাইম বার্তা অনলাইন
১০ সেপ্টেম্বর ২০২৬ ৪:১৩ এএম
সারের সংকট নয়, উদ্বৃত্ত থাকবে প্রায় ১৬ লাখ টন: প্রতিমন্ত্রী টুকু

দেশে সারের বাজারে কোনো ঘাটতি নেই উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু জানিয়েছেন, চাহিদার চেয়ে প্রায় ১৬ লাখ টন সার অতিরিক্ত থাকবে। বুধবার (৯ সেপ্টেম্বর) জাতীয় সংসদে তিনি এমন দাবি করেন। পাবনা-১ আসনের সংসদ সদস্য মোহাম্মদ নাজিবুর রহমানের ওঠানো জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনায় অংশ নেওয়ার সময় তিনি এসব তথ্য দেন।

সংসদে মজুতের হিসাব তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, দেশে সারের মোট চাহিদা ৩৫ লাখ ৮৭ হাজার মেট্রিক টন, আর সরবরাহ রয়েছে ৫১ লাখ ৭১ হাজার মেট্রিক টন। এতে ১৫ লাখ ৮৪ হাজার মেট্রিক টন সার বাড়তি থাকছে। তিনি ব্যাখ্যা করেন, বর্তমানে আমন ধানে শিষ বা কুশি বের হওয়ার পর্যায় চলছে, তাই এই মুহূর্তে সারের বিশেষ প্রয়োজন পড়ছে না। কৃষকরা আসলে আগামী রবি মৌসুমের জন্যই এখন সার সংগ্রহ করে রাখছেন।

নতুন ডিলার নিয়োগ ঘিরে উঠে আসা দুর্নীতির অভিযোগ প্রত্যাখ্যান করে টুকু বলেন, শূন্য ডিলার পদের বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে এবং আবেদনের শেষ তারিখ আগামীকাল। বাছাই শুরুর আগেই দুর্নীতির অভিযোগ তোলা মানে কল্পনায় ভাসা। তাঁর ভাষায়, দেশজুড়ে প্রায় ৮ হাজার নতুন ডিলার নিয়োগ দেওয়া হবে। প্রত্যেক ডিলার দুজন করে খুচরা ডিলার নিয়োগ করতে পারবেন, ফলে আরও ১৬ হাজারজন যুক্ত হবেন। এর বাইরে বর্তমানে দেশে ৩১ হাজারের বেশি ডিলার রয়েছেন। সার ব্যবস্থাপনা আরও সুষ্ঠু করার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

বিরোধীদলের সদস্যদের উদ্দেশে সতর্ক করে প্রতিমন্ত্রী বলেন, বিগত ফ্যাসিস্ট সরকার সারের কৃত্রিম সংকট তৈরির যে ষড়যন্ত্রে জড়িত হয়েছে, তারা সেই ফাঁদে পা না দেওয়ার আহ্বান জানান।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...