সংসদে প্রধানমন্ত্রীর ঘোষণা: কওমি মাদরাসার জন্য ছয় শিক্ষাবোর্ড

প্রাইম বার্তা অনলাইন
০২ সেপ্টেম্বর ২০২৬ ৬:৪৭ পিএম
সংসদে প্রধানমন্ত্রীর ঘোষণা: কওমি মাদরাসার জন্য ছয় শিক্ষাবোর্ড

দেশের কওমি মাদরাসাগুলোর একীভূত ব্যবস্থাপনা, শিক্ষার মানোন্নয়ন ও পাবলিক পরীক্ষা আয়োজনের দায়িত্বে থাকবে ছয়টি আলাদা শিক্ষাবোর্ড। সংসদে এ তথ্য নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পাশাপাশি এই বোর্ডগুলো প্রদান করা সনদ সরকারি ও বেসরকারি মাদরাসার দুটি নির্দিষ্ট পদে নিয়োগের যোগ্যতা হিসেবে গ্রহণযোগ্য হবে বলেও জানিয়েছেন তিনি।

বুধবার (২ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের তৃতীয় দিনের প্রশ্নোত্তর পর্বে কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মো. মনিরুল হক চৌধুরীর লিখিত প্রশ্নের উত্তরে এ তথ্য তুলে ধরেন প্রধানমন্ত্রী। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে বিকেল সাড়ে ৩টায় অধিবেশনটি শুরু হয়।

প্রধানমন্ত্রী জানান, সমগ্র দেশের কওমি মাদরাসার সমন্বয়, উন্নয়ন ও পাবলিক পরীক্ষা নিশ্চিত করতে ২০০৬ সালে গেজেট নোটিফিকেশনের মাধ্যমে ‘কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বাংলাদেশ’ নামে একটি স্থায়ী প্রতিষ্ঠান গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর ২০১৮ সালে ‘আল-হাইআতুল উলয়া লিল-জামি’আতিল কওমিয়া বাংলাদেশ’-এর অধীনে দাওরায়ে হাদিস (তাকমীল) সনদকে ইসলামিক স্টাডিজ ও আরবি বিষয়ে মাস্টার্স ডিগ্রির সমমান দেওয়ার আইন প্রণীত হয়। সেই আইনের ভিত্তিতেই ছয়টি শিক্ষাবোর্ড গঠনের সিদ্ধান্ত হয়েছে।

এসব বোর্ড হলো- বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ, বেফাকুল মাদারিসিল কওমিয়া গওহরডাঙ্গা বাংলাদেশ, আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস বাংলাদেশ, আযাদ দ্বীনি এদারায়ে তালীম বাংলাদেশ, তানযীমুল মাদারিসিদ দ্বীনিয়া বাংলাদেশ এবং জাতীয় দ্বীনি মাদরাসা শিক্ষাবোর্ড বাংলাদেশ।

কর্মসংস্থানের বিষয়ে প্রধানমন্ত্রী জানান, গত ২৩ জুন ‘বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (মাদ্রাসা) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা, ২০২৬’ সংশোধন করা হয়েছে। সংশোধিত নীতিমালা অনুযায়ী সহকারী মৌলভী (ক্বারী) ও ইবতেদায়ি ক্বারী পদে নিয়োগের ক্ষেত্রে ছয়টি বোর্ডের সনদকে কাম্য যোগ্যতা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে।

সরকারের এই সিদ্ধান্তের ফলে দাওরায়ে হাদিস (তাকমীল) ডিগ্রিধারীদের পাশাপাশি ইলমে কিরাআত বা হিফজুল কোরআনের সনদধারীরাও এসব পদে চাকরি পাওয়ার সুযোগ পাচ্ছেন। ধর্মীয় শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক স্বীকৃতি ও কর্মজীবনের পথ প্রশস্ত হচ্ছে বলে মনে করা হচ্ছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...