ছাদে সোলার বসালেই ৪৫ শতাংশ মুনাফা, ইউনিটপ্রতি মিলবে ১০ টাকা ৫০ পয়সা
ছাদে সোলার প্যানেল স্থাপনকারীদের জন্য আকর্ষণীয় সুবিধা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁর ব্যাখ্যা অনুযায়ী, আগামী ছয় মাসের মধ্যে রুফটপ সোলার বসালে গ্রিডে সরবরাহ করা প্রতিটি ইউনিট বিদ্যুতের জন্য সরকার ১০ টাকা ৫০ পয়সা দরে কিনে নেবে। বাল্ক রেটের চেয়ে অতিরিক্ত এই অর্থ প্রণোদনা হিসেবে দেওয়া হবে। গড়ে ইউনিটপ্রতি ৬-৭ টাকা উৎপাদন ব্যয়ের বিপরীতে এতে ৪৫ শতাংশ পর্যন্ত মুনাফা অর্জনের পথ খুলে যাবে, যা পরবর্তী তিন বছরের জন্য কার্যকর থাকবে।
বুধবার (২ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের তৃতীয় দিনের প্রশ্নোত্তর পর্বে সংরক্ষিত নারী আসনের সদস্য নিলোফার চৌধুরী মনিরের প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, জ্বালানি সংকট মোকাবিলায় নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার সম্প্রসারণ এবং সাধারণ মানুষকে উৎসাহিত করতে সরকার নানা পদক্ষেপ নিয়েছে।
সৌর সরঞ্জাম আমদানিতে শুল্ক ছাড়ের কথাও জানান তিনি। অভ্যন্তরীণ সম্পদ বিভাগ থেকে ৮ জুন সোলার প্যানেল, ইনভার্টার, ব্যাটারিসহ অপরিহার্য পণ্যসমূহের ওপর থেকে কাস্টমস ডিউটি, রেগুলেটরি ডিউটি, সম্পূরক শুল্ক, আগাম কর এবং ২ শতাংশ অতিরিক্ত অগ্রিম আয়কর শর্তসাপেক্ষে অব্যাহতি দেওয়া হয়েছে। এছাড়া দেশের সরকারি ভবন, শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতালসহ গুরুত্বপূর্ণ ভবনের ছাদে সোলার স্থাপনের লক্ষ্যে জাতীয় রুফটপ সোলার কর্মসূচি হাতে নেওয়া হয়েছে, যার বাস্তবায়নে গাইডলাইনও প্রস্তুত করা হয়েছে।
প্রধানমন্ত্রী জানান, বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থাকে এজন্য ইতোমধ্যে বিশেষ বরাদ্দ দেওয়া হয়েছে এবং দেশের সব জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনারের কার্যালয়ে রুফটপ সোলার সিস্টেম স্থাপন সম্পন্ন হয়েছে। সৌরবিদ্যুতের পাশাপাশি পানিবিদ্যুৎ, বায়ু বিদ্যুৎ ও বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের কার্যক্রমও চলছে জানিয়ে তিনি প্রত্যাশা করেন, এসব উদ্যোগ বাস্তবায়িত হলে জ্বালানি সংকট মোকাবিলা এবং নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি সম্ভব হবে।

