সারাদেশে ৫ দিন বৃষ্টির প্রবণতা, কোথাও কোথাও ভারী বর্ষণ
আগামী পাঁচ দিন সারাদেশে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। রোববার (৯ আগস্ট) সকাল ৯টা থেকে শুরু করে পরবর্তী ১২০ ঘণ্টার জন্য এমনই পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এ সময়ে দেশের বিভিন্ন স্থানে অস্থায়ী দমকা হাওয়ার সাথে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে।
আবহাওয়া অফিস জানিয়েছে, মৌসুমি বায়ুর অক্ষ রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত। এর একটি অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত প্রসারিত রয়েছে। এর প্রভাবে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় এই বৃষ্টি হবে। এছাড়া দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে।
পূর্বাভাসে আরও বলা হয়েছে, সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে অথবা সামান্য বৃদ্ধি পেতে পারে। মৌসুমি বায়ু বর্তমানে বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় অবস্থায় রয়েছে এবং উত্তর বঙ্গোপসাগরে এটি মাঝারি অবস্থায় বিরাজ করছে।

