৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
জুলাই গণঅভ্যুত্থানের চেতনা বাঁচিয়ে রাখতে আগামী ৫ আগস্ট জাদুঘরটি আনুষ্ঠানিকভাবে উন্মুক্ত করা হচ্ছে। গণভবনে স্থাপিত ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’-এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বুধবার সকাল ৯টায় এই ঐতিহাসিক জাদুঘরের উদ্বোধনী অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব দীপংকর বিশ্বাস জানান, মন্ত্রণালয় থেকে প্রস্তাব পাঠানোর পর প্রধানমন্ত্রী সম্মতি জানিয়েছেন এবং ৫ আগস্ট সময় দিয়েছেন। এর আগে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এই জাদুঘর পরিদর্শন করে দ্রুত যাত্রা শুরুর নির্দেশ দিয়েছিলেন। তৎকালীন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীও চলতি বছরের শুরুতে একই তারিখে উদ্বোধনের ঘোষণা দিলেও তা তখন বাস্তবায়ন সম্ভব হয়নি।
এদিকে, উদ্বোধনের দ্বারপ্রান্তে থাকলেও এখনো জনবল সংকট কাটিয়ে ওঠা সম্ভব হয়নি। ৯৬টি পদের বিপরীতে গত ২৯ জানুয়ারি নিয়োগ বিজ্ঞপ্তি জারি করা হলেও পাঁচ মাস অতিক্রান্ত হলেও পরীক্ষা আয়োজন করা হয়নি। বর্তমানে বাংলাদেশ জাতীয় জাদুঘরের ১৫ জন কর্মকর্তা-কর্মচারী এই দায়িত্ব পালন করছেন। স্থায়ী নিয়োগ সম্পন্ন হওয়ার আগ পর্যন্ত আউটসোর্সিংয়ের মাধ্যমে জনবল নিয়োগ করে জাদুঘরটি পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উদ্বোধনের পর থেকেই এটি সাধারণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।

