গ্যাসের অস্থিরতায় জনজীবন বিপর্যস্ত, রান্না নিয়ে চরম দুর্ভোগ
রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে গ্যাসের চাপ অস্বাভাবিকভাবে কমে যাওয়ায় জনজীবনে সৃষ্টি হয়েছে তীব্র দুর্ভোগ। গত শুক্রবার (৩১ জুলাই) ঢাকার মিরপুর, মোহাম্মদপুর, শেওরাপাড়া, বাসুন্ধরা, উত্তরা, খিলগাঁওসহ বিভিন্ন এলাকায় গ্যাস সংকট ভয়াবহ রূপ নেয়। আবাসিক গ্যাস লাইনে এতটাই কম চাপ থাকে যে একটি সাধারণ খাবার রান্না করতে কয়েক ঘণ্টা সময় অতিবাহিত হয়।
গৃহিণীদের দুর্ভোগের মাত্রা চরমে পৌঁছেছে। গভীর রাত বা ভোররাত ছাড়া অনেক এলাকায় গ্যাসের দেখা মেলেনি। এক দিনে দুবেলা রান্না করা অসম্ভব হয়ে পড়ায় অনেক পরিবারকে ইলেকট্রিক হিটার, ইন্ডাকশন বা ব্যয়বহুল এলপিজি সিলিন্ডারের ওপর নির্ভর করতে হচ্ছে। এতে মাসিক বাজেটের ওপর চাপ পড়েছে। অফিসগামী মানুষ সময়মতো খাবার তৈরি না করতে পেরে বাইরের খাবার খাচ্ছেন, যা স্বাস্থ্যর জন্যও ক্ষতিকর বলে মনে করছেন তারা।
সাধারণ মানুষের পাশাপাশি সিএনজি স্টেশন ও শিল্পকারখানাগুলোও এই সংকটের কবলে পড়েছে। অনেক সিএনজি ফিলিং স্টেশনে পর্যাপ্ত গ্যাস না থাকায় সেবা দেওয়া বন্ধ রাখতে হয়েছে। ফলে চালকদের দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে এবং তাদের আয় কমে গেছে। শিল্প খাতে উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি রপ্তানি আদেশের সময়মতো ডেলিভারি নিয়ে ঝুঁকি তৈরি হয়েছে। উদ্যোক্তাদের আশঙ্কা, দীর্ঘমেয়াদে এই সংকট চললে অর্থনীতিতে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়বে।

