তৃণমূল সংগঠনে নতুন নির্দেশনা: রংপুরের ৫ জেলা নেতাদের সঙ্গে তারেক রহমানের দীর্ঘ বৈঠক

প্রাইম বার্তা অনলাইন
২৬ জুলাই ২০২৬ ৯:০৭ এএম
তৃণমূল সংগঠনে নতুন নির্দেশনা: রংপুরের ৫ জেলা নেতাদের সঙ্গে তারেক রহমানের দীর্ঘ বৈঠক

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান রংপুর বিভাগের পাঁচ জেলার নেতাদের সাথে একটি গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠক সম্পন্ন করেছেন। গত শনিবার (২৫ জুলাই) বিকেল ৫টা ৪৫ মিনিট থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত রাজধানীর গুলশানে তার রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। তৃণমূল পর্যায়ে দলকে আরও সুসংগঠিত, গতিশীল ও শক্তিশালী করাই ছিল এই বৈঠকের প্রধান উদ্দেশ্য।

উচ্চপর্যায়ের এই সভায় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, যিনি দলের রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদকের দায়িত্বও পালন করছেন। এছাড়া নীলফামারী, কুড়িগ্রাম, গাইবান্ধা ও লালমনিরহাট জেলার পাশাপাশি রংপুর জেলা ও মহানগর বিএনপির নেতৃবৃন্দ সভায় অংশগ্রহণ করেন।

সভায় মেয়াদোত্তীর্ণ কমিটিগুলোর দ্রুত পুনর্গঠন, স্থানীয় সরকার নির্বাচনে একক প্রার্থী দেওয়ার নীতি নির্ধারণ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোকে আরও কার্যকর করে তোলার বিষয়ে তারেক রহমান সুনির্দিষ্ট নির্দেশনা প্রদান করেন। তৃণমূলের সাংগঠনিক কার্যক্রম কীভাবে আরও জোরদার করা যায়, সে বিষয়েও বিস্তারিত আলোচনা হয়।

সভার বিষয়ে কুড়িগ্রাম জেলা বিএনপির সদস্য সচিব সোহেল হোসাইন কায়কোবাদ বলেন, এটি দলের অভ্যন্তরীণ সাংগঠনিক সভা ছিল এবং তৃণমূলের বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। এ বিষয়ে আর কিছু মন্তব্য করতে তিনি রাজি হননি।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...