শ্রম অধিকার ও অভিবাসন নিয়ে আইএলও মহাপরিচালকের সঙ্গে হুমায়ুন কবীরের বৈঠক
জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের সভাপতিত্ব নিয়ে আলোচনা ও শ্রম খাতের উন্নয়নের বিষয়াবলি তুলে ধরতে রোববার (১৯ জুলাই) সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবীরের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) মহাপরিচালক গিলবার্ট এফ. হোংবো।
বৈঠকের শুরুতে জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের নির্বাচিত হওয়ায় আন্তরিক অভিনন্দন জানান গিলবার্ট এফ. হোংবো। এ সময় তিনি বাংলাদেশের নেতৃত্বে আইএলওর সাথে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন। আলোচনায় দেশের শ্রম খাতের সাম্প্রতিক অগ্রগতি, শ্রম আইনের প্রাতিষ্ঠানিক সংস্কার এবং শিশুশ্রম নিরসনের বিষয়গুলো গুরুত্বের সাথে আলোচিত হয়।
বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা বাংলাদেশি অভিবাসী শ্রমিকদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিতে আইএলওর সহযোগিতা অব্যাহত রাখার ওপর জোরারোপ করেন পররাষ্ট্র উপদেষ্টা। এছাড়া শ্রমখাতের প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নে কারিগরি সহায়তার জন্য আইএলও প্রধানের নজর কামনা করেন তিনি।
বাংলাদেশের শ্রম আইন উন্নয়ন ও শিশুশ্রম হ্রাসে সরকারের সাম্প্রতিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেছেন আইএলও মহাপরিচালক। তিনি আশ্বস্ত করেন যে, দেশের শ্রমখাতের উন্নতি ও শ্রমিকদের কল্যাণে ভবিষ্যতেও এ সংস্থার সহযোগিতা অব্যাহত থাকবে।

