সংসদ আধুনিকায়নে ই-পার্লামেন্ট ও প্রশিক্ষণে ইউএনডিপির সহযোগিতা চান ডেপুটি স্পিকার

প্রাইম বার্তা অনলাইন
১৯ জুলাই ২০২৬ ৮:৪০ পিএম
সংসদ আধুনিকায়নে ই-পার্লামেন্ট ও প্রশিক্ষণে ইউএনডিপির সহযোগিতা চান ডেপুটি স্পিকার

জাতীয় সংসদের কার্যক্রম আরও গতিশীল ও আধুনিক করে গড়ে তোলার লক্ষ্যে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) সার্বিক সহযোগিতা চেয়েছেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। রোববার (১৯ জুলাই) জাতীয় সংসদ ভবনে তার কার্যালয়ে ইউএনডিপির এক প্রতিনিধি দলের সাথে সৌজন্য সাক্ষাতে এসব কথা বলেন তিনি।

বৈঠককালে ই-পার্লামেন্ট বাস্তবায়নে প্রয়োজনীয় কারিগরি ও আর্থিক সহায়তার বিষয়ে গুরুত্বারোপ করেন ডেপুটি স্পিকার। এ সময় সংসদীয় গণতন্ত্র শক্তিশালী করতে সম্ভাব্য উদ্যোগ নিয়েও আলোচনা হয়। ইউএনডিপির প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন ডেপুটি রেসিডেন্ট রিপ্রেজেন্টেটিভ সোনালি দয়ারত্নে। এছাড়াও সিনিয়র গভর্নেন্স স্পেশালিস্ট ড্রাগন পোপোভিচ, তানভীর মাহমুদ ও প্রজেক্ট ম্যানেজার মাহমুদুল হাসান উপস্থিত ছিলেন।

ব্যারিস্টার কায়সার কামাল বলেন, বর্তমান সরকার শিক্ষা ও স্বাস্থ্য খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। সমাজ পরিবর্তনের সাথে মানুষের চাহিদাও বদলায়, তাই পরিবর্তিত বাস্তবতায় মানিয়ে নিতে আইনের সংশোধন প্রয়োজন। তিনি সদ্য স্নাতকদের জন্য সংসদের লাইব্রেরিতে ফেলোশিপ বা ইন্টার্নশিপ প্রোগ্রাম চালুর প্রস্তাবে সমর্থন জানান। এছাড়া প্রকল্প গ্রহণে ইউরোপীয় ইউনিয়ন বা অন্য সংস্থার সাথে কোনো প্রতিলিপি বা ডুপ্লিকেশন এড়ানোর ওপরও জোর দেন।

বৈঠকে ইউএনডিপি বাংলাদেশ ও নেপাল পার্লামেন্টের সদস্যদের মধ্যে অভিজ্ঞতা বিনিময়ের প্রস্তাব দিলে তাতে সহমত পোষণ করেন ডেপুটি স্পিকার। এছাড়া সংসদীয় স্থায়ী কমিটিগুলোর কার্যক্রম শক্তিশালী করতে প্রয়োজনীয় আইন প্রণয়নের ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...