জুলাইয়ের চেতনায় গঠিত বিএনপি সরকার: কার্যকর হবে জুলাই সনদ

প্রাইম বার্তা অনলাইন
১৭ জুলাই ২০২৬ ১:৫৭ পিএম
জুলাইয়ের চেতনায় গঠিত বিএনপি সরকার: কার্যকর হবে জুলাই সনদ

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, জনগণের ভোটে নির্বাচিত বর্তমান বিএনপি সরকার গত জুলাই গণ-অভ্যুত্থানের শক্তি ও চেতনাকে ধারণ করেই প্রতিষ্ঠিত হয়েছে। তিনি বলেন, এই বিপ্লবের মূল স্রোতকে আঁকড়ে ধরে গণতান্ত্রিক দলগুলোর ঐকমত্যের ভিত্তিতে জুলাই সনদ স্বাক্ষরিত হয়েছে এবং বিএনপির নোট অব ডিসেন্টসহ এই সনদ বাস্তবায়নে সরকার দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ।

বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে চট্টগ্রাম ইন্টারন্যাশনাল কনভেনশন হলে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ও জেলা প্রশাসনের আয়োজিত ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। প্রতিমন্ত্রী উল্লেখ করেন, আজকের এই আয়োজন শোকের পরিবর্তে শক্তি সঞ্চয়ের দিন। তিনি জানান, নির্বাচনী ইশতেহার অনুযায়ী ইতিমধ্যে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডসহ বিভিন্ন উন্নয়ন ও মানবিক সহায়তা কর্মসূচি চালু করা হয়েছে। এছাড়া নিত্যপ্রয়োজনীয় দ্রব্য ও স্বাস্থ্যসেবা খাতে খরচ কমানোর উদ্যোগ নিয়েছে সরকার।

মীর হেলাল চট্টগ্রামের প্রথম জুলাই শহীদ ওয়াসিমের প্রসঙ্গ তুলে ধরে বলেন, তিনি শুধু ছাত্রদলের সদস্য ছিলেন তা নয়, বরং ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের একজন সাহসী যোদ্ধা ছিলেন। প্রকৃত জুলাই যোদ্ধারা কখনো চেতনা নিয়ে বাণিজ্য করেন না। এ সময় সভাপতির বক্তব্যে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেন, আন্দোলনে শহীদ ও আহতদের সঠিক ইতিহাস সংরক্ষণ ও নির্ভুল তালিকা প্রণয়নে মন্ত্রণালয় কাজ করছে। তিনি দেশে ফ্যাসিবাদী শাসনের পুনরাবৃত্তি রোধে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...