প্রবাসযাত্রায় বড় সুখবর, ভাষা শিক্ষায় ১০ লাখ টাকা ঋণের সুযোগ

প্রাইম বার্তা অনলাইন
০১ এপ্রিল ২০২৬ ২:৫৮ পিএম
প্রবাসযাত্রায় বড় সুখবর, ভাষা শিক্ষায় ১০ লাখ টাকা ঋণের সুযোগ

বিদেশে কর্মসংস্থানের স্বপ্ন দেখা বাংলাদেশিদের জন্য দারুণ সুখবর দিয়েছে প্রবাসী কল্যাণ ব্যাংক। ভাষা শিক্ষা এবং কারিগরি দক্ষতা অর্জনের জন্য এই ব্যাংক একটি বিশেষ ঋণ কর্মসূচির সূচনা করেছে। এই প্রকল্পের আওতায় যোগ্য আবেদনকারীরা কোনো ধরনের জামানত ছাড়াই সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ সুবিধা পাবেন।

প্রবাসে গমনেচ্ছুকদের ভাষাগত বাধা দূরীকরণ ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে। কোরিয়া, জাপান, চীন বা জার্মানিতে পড়াশোনার সুযোগ পাওয়াদের জন্য এই ঋণ বিশেষভাবে সহায়ক হবে। এই ঋণের টাকা দিয়ে শিক্ষা প্রতিষ্ঠানে টিউশন ফি পরিশোধ করা যাবে, এমনকি বিদেশে থাকাকালীন খরচের জন্যও অর্থ পাঠানো যাবে। এজন্য আবেদনকারীর বয়স ৪০ বছরের নিচে হতে হবে এবং সংশ্লিষ্ট দেশের শিক্ষা প্রতিষ্ঠানের অফার লেটার ও ভাষা জ্ঞানের সনদ (যেমন জাপানের জন্য এন-৫ বা কোরিয়ার জন্য টিওপিআইকে লেভেল ৩) থাকা বাধ্যতামূলক।

ব্যাংক সূত্রে জানা গেছে, এই ঋণের মেয়াদ সর্বোচ্চ তিন বছর এবং এর বার্ষিক সুদের হার নির্ধারণ করা হয়েছে ১১ শতাংশ। আগ্রহী ব্যক্তিদের জাতীয় পরিচয়পত্র, শিক্ষাগত যোগ্যতার সনদ ও জামিনদারের নথিপত্রসহ ব্যাংকের নিকটস্থ শাখায় যোগাযোগ করতে হবে। এ ছাড়া ব্যাংকের হেল্পলাইন নম্বর ১৬২৩৮ অথবা ওয়েবসাইটের মাধ্যমেও এ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...