টিপাইমুখ ও ট্রানজিট চুক্তির কারণেই ইলিয়াস আলীকে গুম করা হয়: মামুন খালেদ

বিএনপির সাবেক নেতা এম ইলিয়াস আলীকে গুম করার পেছনের রহস্য উন্মোচন করেছেন প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) শেখ মামুন খালেদ। জিজ্ঞাসাবাদে তিনি জানিয়েছেন, ভারতের সাথে ট্রানজিট ও ট্রান্সশিপমেন্ট চুক্তি এবং টিপাইমুখ বাঁধের বিরোধিতা করায় আন্দোলনের ঘোষণা দেওয়ার কারণেই ইলিয়াস আলীকে গুম করা হয়েছিল।
বর্তমানে একটি হত্যা মামলায় রিমান্ডে থাকা মামুন খালেদকে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ জিজ্ঞাসাবাদ করছে। এ সময় তিনি দাবি করেন, তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরাসরি নির্দেশে ২০১২ সালের ১৭ এপ্রিল রাতে বনানী এলাকা থেকে ইলিয়াস আলীকে তুলে নেওয়া হয়। তিনি আরও জানান, এই অপারেশনে র্যাব সদস্যরা মূল ভূমিকা পালন করলেও ডিজিএফআইয়ের দুই মেজর প্রযুক্তিগত সহায়তা প্রদান করেছিলেন এবং উচ্চ পর্যায়ের আলাপ-আলোচনার মাধ্যমে পরিকল্পনাটি বাস্তবায়ন করা হয়। এছাড়া খালেদা জিয়াকে সেনানিবাসের বাসা থেকে উচ্ছেদের ঘটনাসহ এক-এগারোর আমলের বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ড সম্পর্কেও তদন্তকারীদের তথ্য দিয়েছেন তিনি।
তথ্য যাচাই-বাছাইয়ের জন্য মামুন খালেদকে ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এক-এগারো সরকারের সময় বিতর্কিত ভূমিকার অভিযোগে ডিজিএফআইর সাবেক পরিচালক লেফটেন্যান্ট কর্নেল (অব.) মো. আফজাল নাছেরকেও গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ডিবি পুলিশের যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম জানিয়েছেন, তাদের দেওয়া তথ্য যাচাই করে গুরুত্বপূর্ণ প্রমাণ পাওয়া যাচ্ছে।

