চলতি মাসে ঝিনাইদহ ও ফেনীতে খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি জানিয়েছেন, আগামী এপ্রিল মাসে ঝিনাইদহ ও ফেনী জেলায় দুটি খাল খনন কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠক শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এই তথ্য নিশ্চিত করেন।
মন্ত্রী জানান, ইতিমধ্যে দিনাজপুরের কাহারোল উপজেলায় একটি খালের উদ্বোধনী কাজ সম্পন্ন হয়েছে এবং সেখানে কাজ চলমান রয়েছে। পরবর্তী ধাপ হিসেবে আসন্ন এপ্রিলে ঝিনাইদহের শৈলকূপা ও ফেনীতে দুটি নতুন খাল খনন কর্মসূচি হাতে নেওয়া হচ্ছে। এই দুই জেলায় প্রধানমন্ত্রী সরাসরি উপস্থিত থেকে কাজের উদ্বোধন করবেন। তিনি আরও জানান, জনগণের সামনে প্রদত্ত ১৮০ দিনের কর্মসূচি নির্ধারিত সময়ে শেষ করাই সরকারের মূল লক্ষ্য।
খাল খননে বাধা ও দখল উচ্ছেদ প্রসঙ্গে শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, অবৈধ দখল ও শিল্পকারখানার বর্জ্যে অনেক খাল মৃতপ্রায় হয়ে পড়েছে। ২০ হাজার কিলোমিটার খাল খননের লক্ষ্যমাত্রা অর্জন করতে হলে এসব বাধা অপসারণ করা জরুরি। এ জন্য ইতিমধ্যে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হয়েছে এবং সব মহলের সমন্বিত প্রচেষ্টায় এই কার্যক্রম সফল করা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

