ঈশ্বরদীতে ডিজেল সংকটে বিপাকে কৃষক, ফোন করলেন মন্ত্রীকে

প্রাইম বার্তা অনলাইন
০১ এপ্রিল ২০২৬ ১:৪৬ পিএম
ঈশ্বরদীতে ডিজেল সংকটে বিপাকে কৃষক, ফোন করলেন মন্ত্রীকে

পাবনার ঈশ্বরদীতে ডিজেল সংকটের কারণে কৃষিকাজ ব্যাহত হওয়ায় বাধ্য হয়ে সরাসরি কৃষিমন্ত্রীর সাথে যোগাযোগ করেছেন এক কৃষক। রোববার বিকেলে উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ে সমাধান না পেয়ে সিদ্দিকুর রহমান ময়েজ উদ্দিন নামের ওই কৃষক মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদকে ফোন করে অভিযোগ জানান।

প্রায় ৪০ জন কৃষকের পক্ষে ময়েজ উদ্দিন জানান, সেচ, মাড়াই ও জমি চাষের কাজে ব্যবহৃত শ্যালো মেশিন, হারভেস্টার ও পাওয়ার টিলারের জন্য তেলের প্রয়োজন হলেও যন্ত্রপাতি পাম্পে নিয়ে যাওয়া সম্ভব হয় না। কিন্তু ক্যানে তেল দেওয়ার ওপর নিষেধাজ্ঞা ও অতি উৎসাহী মোটরসাইকেল চালকদের উপদ্রবের কারণে পাম্প মালিকরা তাদের তেল দিচ্ছেন না। এতে উপজেলার শতাধিক কৃষক চরম বিপাকে পড়েছেন। কৃষি কর্মকর্তার দেওয়া চিরকুট দিয়েও কোনো সমাধান মেলেনি।

মঙ্গলবার (৩১ মার্চ) বিকাল পর্যন্ত পরিস্থিতির উন্নতি হয়নি বলে জানিয়েছেন ওই কৃষক। তিনি বলেন, মন্ত্রী ফোনে তাৎক্ষণিক সমাধানের নির্দেশ দিলেও দুই দিন পরও অনেকে পাম্প থেকে ফিরে এসেছেন খালি হাতে। ঈশ্বরদী উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল মমিন জানান, মন্ত্রীর নির্দেশনা পেয়ে তারা পাম্প মালিকদের সাথে আলোচনা করেছেন এবং নতুন করে প্যাড ছাপানোর ব্যবস্থা করেছেন। অচিরেই এ সমস্যার সমাধান হবে বলে তিনি আশাবাদী।

এদিকে ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসান মোহাম্মদ শোয়াইব বলেছেন, ডোপে তেল নেওয়ার সময় কিছু বাইকার মারমুখী আচরণ করায় এই জটিলতা তৈরি হয়েছে। কৃষি বিভাগকে এ বিষয়টি সমাধানের উদ্যোগ নিতে বলা হয়েছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...