ট্রাইব্যুনাল চেয়ারম্যানের হ্যাক হওয়া সোশ্যাল মিডিয়া উদ্ধার, অপরাধী শনাক্ত নয়

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এক নম্বর ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের হ্যাক হওয়া ফেসবুক ও হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট পুনরুদ্ধার করা হয়েছে। তবে এই সাইবার অপরাধে জড়িত ব্যক্তি বা গোষ্ঠীকে এখনো শনাক্ত বা গ্রেফতার করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ট্রাইব্যুনাল সূত্রে বুধবার এ তথ্য জানা গেছে।
ট্রাইব্যুনালের বিশেষ তদন্ত কর্মকর্তা ও প্রসিকিউটর তানভীর হাসান জোহা জানান, মঙ্গলবার রাতে বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের ব্যক্তিগত ফেসবুক ও হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট দুটি নিরাপদভাবে তার হাতে ফিরিয়ে দেওয়া হয়েছে। তিনি জানান, হ্যাকাররা যাতে এই অ্যাকাউন্টগুলো ব্যবহার করে কোনো অপরাধমূলক কর্মকাণ্ড চালাতে না পারে, সেজন্য দ্রুত পদক্ষেপ নেওয়া হয়।
প্রসঙ্গত, গত ১৮ মার্চ অজ্ঞাত পরিচয় হ্যাকাররা বিচারপতির এই দুটি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নিয়ন্ত্রণের বাইরে নিয়ে যায়। এরপর ২৪ মার্চ রাজধানীর শাহবাগ থানায় এ বিষয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। পাশাপাশি বিটিআরসিতেও এ বিষয়ে অবহিত করে চিঠি দেওয়া হয়েছিল। তথ্যপ্রযুক্তি আইনের অধীনে এ ধরনের অপরাধের শাস্তি বিধান রয়েছে।

