বিদেশগামীদের জন্য ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ সুবিধা প্রবাসী কল্যাণ ব্যাংকের

প্রাইম বার্তা অনলাইন
০১ এপ্রিল ২০২৬ ১২:১৭ পিএম
বিদেশগামীদের জন্য ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ সুবিধা প্রবাসী কল্যাণ ব্যাংকের

বৈদেশিক কর্মসংস্থানের স্বপ্ন যাঁরা দেখছেন তাদের জন্য দারুণ সুখবর দিল প্রবাসী কল্যাণ ব্যাংক। ভাষা শেখা এবং কারিগরি দক্ষতা অর্জনের জন্য এখন থেকে ব্যাংকটি থেকে সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ নেওয়া যাবে, তাও আবার কোনো জামানত ছাড়াই।

‘বৈদেশিক কর্মসংস্থানের উদ্দেশে ভাষাশিক্ষা ও বিশেষ দক্ষতা অর্জনের জন্য ঋণ’ নামক এই প্রকল্পের আওতায় কোরিয়া, জাপান, চীন বা জার্মানিতে যেতে আগ্রহীদের প্রথমে ভাষা শিক্ষার খরচ এবং পরবর্তীতে ওই দেশে থাকা-খাওয়ার খরচ বহন করতে সহযোগিতা করা হবে। এই ঋণের টাকা সরাসরি শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠানোর সুযোগ থাকছে।

ঋণ পাওয়ার জন্য আগ্রহীদের বয়স ৪০ বছরের নিচে হতে হবে এবং ব্যাংকের সংশ্লিষ্ট শাখার এলাকার বাসিন্দা হতে হবে। পাশাপাশি বিদেশের কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে অফার লেটার এবং মূল ভাষা জানার সনদ থাকা বাধ্যতামূলক। যেমন- জাপানের জন্য এন-৫ বা দক্ষিণ কোরিয়ার জন্য টিওপিআইকে লেভেল ৩ সনদ থাকলে আবেদন করা যাবে। এছাড়া জাতীয় পরিচয়পত্র, শিক্ষাগত যোগ্যতার সনদ ও জামিনদারের নথিপত্র জমা দিতে হবে।

এই বিশেষ ঋণের সুদের হার নির্ধারণ করা হয়েছে বার্ষিক ১১ শতাংশ। ঋণ পরিশোধের সময়সীমা হবে সর্বোচ্চ তিন বছর। এ সম্পর্কিত আরও বিস্তারিত জানতে হলে প্রবাসী কল্যাণ ব্যাংকের যেকোনো শাখায় যোগাযোগ করা যেতে পারে অথবা ১৬২৩৮ নম্বরে কল করা যাবে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...