স্বাধীনতার মূলমন্ত্র হলো সততার সাথে দায়িত্ব পালন: ধর্মসচিব
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ বলেছেন, নিজ নিজ পেশায় সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনই স্বাধীনতার প্রকৃত অর্থ। গত বুধবার বিকেলে রাজধানীর আগারগাঁওস্থ ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়ে স্বাধীনতার গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্যে সচিব বলেন, সরকারি কর্মকর্তাদের জন্য স্বাধীনতা দিবসের শপথ হওয়া উচিত তাদের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করা। তিনি উল্লেখ করেন, একই ভাষা ও সংস্কৃতি থাকা সত্ত্বেও আমাদের মাঝে জাতীয় ঐক্যের ঘাটতি রয়েছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জাতীয় ঐক্য ও সংহতি প্রতিষ্ঠায় ভূমিকা রেখেছিলেন বলেও তিনি মন্তব্য করেন।
এসময় অন্যান্যের মধ্যে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আ. ছালাম খান বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। সভাপতিত্ব করেন সমন্বয় বিভাগের পরিচালক মো. মহিউদ্দিন। এছাড়াও নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়ন প্রকল্পের পরিচালক এসএম তরিকুল ইসলাম, জাতীয় ইমাম সমিতির সভাপতি মাওলানা কাজী আবু হোরায়রা এবং দ্বীনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগের পরিচালক ড. মোহাম্মদ হারুনুর রশীদসহ প্রমুখ বক্তৃতা করেন। শেষে ফাউন্ডেশনের মুফাসসির ড. মো. আবু ছালেহ পাটোয়ারীর পরিচালনায় মোনাজাত অনুষ্ঠিত হয়।

