উদ্বোধনের আগেই রাস্তা ধস, গাজীপুরে তদন্তে প্রতিমন্ত্রী

গাজীপুর মহানগরের কাশিমপুর ধনঞ্জয়খালী এলাকায় একটি সড়ক নির্মাণের কাজ শেষ হওয়ার আগেই তা ধসে যায়। বিষয়টি গণমাধ্যমে প্রকাশিত হলে প্রধানমন্ত্রী তারেক রহমানের নজরে আনেন, যার প্রেক্ষিতে সোমবার ওই সড়ক পরিদর্শনে যান স্থানীয় সরকার বিভাগের প্রতিমন্ত্রী মীর শাহে আলম। এ সময় তিনি দায়িত্বে অবহেলার অভিযোগে প্রকল্প পরিচালক ও সংশ্লিষ্ট প্রকৌশলীকে সাময়িক বরখাস্ত করেছেন।
পরিদর্শনকালে প্রতিমন্ত্রী জানান, রাস্তাটি ভেঙে পড়ার খবর প্রধানমন্ত্রীর নজরে এলে তিনি বিষয়টি গুরুত্বের সাথে নেন এবং মন্ত্রণালয়কে এ ব্যাপারে পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন। ফলে, ওই প্রকল্পের পরিচালক হারুন অর রশিদ এবং সংশ্লিষ্ট প্রকৌশলী শামছুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এছাড়াও দায়িত্বে অবহেলার কারণে ঠিকাদার প্রতিষ্ঠানের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানান তিনি।
ভবিষ্যতে এমন দুর্ঘটনা রোধ ও দায়ী ব্যক্তিদের চিহ্নিত করতে একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব আখতারুর রহমান কনভনারকে আহ্বায়ক করে গঠিত সাত সদস্যের এই কমিটিকে আগামী ১৫ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। এই কমিটিতে সিটি কর্পোরেশনের প্রতিনিধি, বুয়েট বিশেষজ্ঞ এবং সড়ক ও জনপদ বিভাগের কর্মকর্তারা অন্তর্ভুক্ত রয়েছেন। এ সময় প্রতিমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে স্থানীয় সরকার বিভাগের সচিব শহিদুল হাসান এবং গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

