দলে শৃঙ্খলা ফেরাতে রাডার ফিট করেছি, হুঁশিয়ারি ফখরুলের

প্রাইম বার্তা অনলাইন
২৩ মার্চ ২০২৬ ৬:৪৩ পিএম
দলে শৃঙ্খলা ফেরাতে রাডার ফিট করেছি, হুঁশিয়ারি ফখরুলের

ঠাকুরগাঁয়ের রায়পুরে দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে কঠোর বার্তা দিয়েছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার (২৩ মার্চ) নেহা নদী পুনর্খনন কর্মসূচির উদ্বোধনকালে তিনি স্পষ্ট জানিয়ে দেন, দলের অন্দরে কোনো ধরনের বিশৃঙ্খলা বা অনিয়ম মেনে নেওয়া হবে না। তিনি বলেন, রাস্তা হতে হবে একদম সোজা, কারণ তিনি রাডার ফিট করেছেন এবং সবদিকে নজর রাখছেন।

দীর্ঘ রাজনৈতিক আন্দোলনের পর ক্ষমতায় এসে নেতাকর্মীদের শৃঙ্খলা শিক্ষা দিতে মরিয়া দলের শীর্ষ নেতৃত্ব। ফখরুল ইসলাম আলমগীর হুঁশিয়ারি দিয়ে বলেন, একচুলও এদিক-ওদিক হলে ক্ষমা করা হবে না। শুধু পদ থেকে অপসারণ নয়, আইনি ব্যবস্থাও নেওয়া হবে। এছাড়া মধ্যপ্রাচ্যের যুদ্ধ ও বিশ্ব অর্থনীতির কঠিন পরিস্থিতির কথা তুলে ধরে তিনি সতর্ক করেন যে, সামনে তেল ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়তে পারে, যা দেশের অর্থনীতিতে প্রভাব ফেলবে।

তেলের মূল্যবৃদ্ধি নিয়ে সাধারণ মানুষের ক্ষোভ থাকলেও আইন হাতে তুলে নেওয়ার বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছেন মন্ত্রী। পাম্প ভাঙচুর বা অস্থিরতা সৃষ্টিকারীদের কঠোর হাতে দমন করা হবে বলে জানান তিনি। একই সঙ্গে ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারের তীব্র সমালোচনা করে ফখরুল বলেন, সৎ পথে চলা এবং হালাল রুজির মাধ্যমেই আল্লাহর সন্তুষ্টি অর্জন সম্ভব। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে কৃষকদের ফ্যামিলি কার্ডের আওতা বৃদ্ধি এবং ২০ হাজার খাল খননের মেগা প্রকল্প দ্রুত বাস্তবায়নের কথাও জানান তিনি। এসময় পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ ও জেলা প্রশাসক ইশরাত ফারজানা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...