ঈদ উপহার নিয়ে বিতর্ক, চীনা দূতাবাস বললো জামায়াতের সঙ্গে যৌথ কর্মসূচি নয়

প্রাইম বার্তা অনলাইন
১৮ মার্চ ২০২৬ ৪:১৮ পিএম
ঈদ উপহার নিয়ে বিতর্ক, চীনা দূতাবাস বললো জামায়াতের সঙ্গে যৌথ কর্মসূচি নয়

জামায়াতে ইসলামীর আমীর শফিকুর রহমানকে নিয়ে চীনা দূতাবাসের ঈদ উপহার বিতরণ নিয়ে সৃষ্ট বিভ্রান্তির অবসান ঘটিয়েছে দূতাবাস কর্তৃপক্ষ। তারা জানিয়েছে, মিরপুরে খাদ্য সামগ্রী বিতরণ তাদের একক দাতব্য কর্মসূচি ছিল এবং এতে জামায়াতের সঙ্গে তাদের কোনো যৌথ আয়োজন ছিল না। মঙ্গলবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে এক বিবৃতিতে দূতাবাস এ অবস্থান স্পষ্ট করে।

গত মঙ্গলবার (১৭ মার্চ) রাজধানীর মিরপুর ১০ নম্বর আদর্শ বিদ্যালয় মাঠে স্থানীয় বাসিন্দাদের মাঝে ঈদুল ফিতরের উপহার হিসেবে খাবারের প্যাকেট বিতরণ করে চীনা দূতাবাস। এতে ঢাকায় নিয়োজিত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এবং জামায়াতে ইসলামীর আমীর ড. শফিকুর রহমান উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে জামায়াতের ভেরিফাইড ফেসবুক পেজে দাবি করা হয়, এটি চীন ও জামায়াতের যৌথ উদ্যোগে আয়োজিত হয়েছে। যদিও আয়োজনটি ছিল দূতাবাসের একক। জামায়াতের এমন দাবির পরিপ্রেক্ষিতে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা শুরু হয়।

সমালোচনার মুখে চীনা দূতাবাস স্পষ্ট করে জানায়, খাদ্য সামগ্রী বিতরণ সম্পূর্ণ তাদের একক উদ্যোগে এবং দেশের মানুষের প্রতি সহমর্মিতা থেকে করা হয়েছে। বাংলাদেশে চীনের বন্ধুত্বপূর্ণ নীতির প্রতি তারা প্রতিশ্রুতিবদ্ধ এবং নির্বাচিত সরকারের সুশাসনের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছে তারা। দুই দেশের জনগণের কল্যাণে বাংলাদেশ সরকারের সঙ্গে একযোগে কাজ অব্যাহত রাখার কথাও জানায় দূতাবাস।

চীনা দূতাবাসের এই ব্যাখ্যার পর জামায়াতে ইসলামীর পক্ষ থেকে তাদের আগের ফেসবুক পোস্টটি সংশোধন করা হয়। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে আলোচনা ও সমালোচনা এখনও চলমান।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...