পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে উপসচিবকে প্রতারণা, ৮২ লাখ টাকা আত্মসাৎ

বিয়ের প্রলোভন দেখিয়ে এক নারী উপসচিবকে প্রতারণার অভিযোগে মো. মনিরুজ্জামান নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। নিজেকে বেসরকারি প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তা পরিচয় দিয়ে তিনি দীর্ঘদিন ওই নারীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন এবং বিভিন্ন সময় প্রায় ৮২ লাখ টাকা হাতিয়ে নেন। বর্তমানে আদালতের আদেশে তাকে চার দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে আইনশৃঙ্খলা বাহিনী।
২০২৫ সালের ২১ অক্টোবর একটি দৈনিকে পাত্রী চাই বিজ্ঞাপন দিয়ে শুরু হয় এই প্রতারণার ঘটনা। বিয়ের আশ্বাসে ওই নারীকে সিলেট ও রাজধানীর মিরপুরে নিয়ে শারীরিক সম্পর্ক করেন আসামি। একপর্যায়ে সাভারে বাড়ি নির্মাণের প্রলোভন দেখিয়ে ভুক্তভোগীর জনতা ও সোনালী ব্যাংকের হিসাব থেকে ৭২ লাখ ৮৫ হাজার টাকা নিজের আইএফআইসি ব্যাংকের অ্যাকাউন্টে স্থানান্তর করেন মনিরুজ্জামান। এছাড়া নগদ ও বিভিন্ন মাধ্যমে আরও প্রায় ১০ লাখ টাকা গ্রহণ করেন তিনি।
টাকা ফেরত চাওয়ায় মনিরুজ্জামান বিয়েতে অস্বীকৃতি জানান এবং উল্টো হুমকি দেন। এরপর ভুক্তভোগী বাদী হয়ে প্রতারণা ও নারী ও শিশু নির্যাতন দমন আইনে দুটি মামলা দায়ের করলে পুলিশ তাকে আটক করে। ভুক্তভোগীর আইনজীবী জিয়াউল হক সুমন জানান, আসামি সরলতার সুযোগ নিয়ে অর্থ আত্মসাৎ করেছেন। এমনকি এই ঘটনার পরও ওই বছরের জানুয়ারি ও ফেব্রুয়ারিতে আবারও পত্রিকায় পাত্রী চেয়ে বিজ্ঞাপন দিতে দেখা যায় তাকে।

