রাজবাড়ীতে প্রতিবন্ধী শিশুদের ‘স্বপ্নডানা’ বিদ্যালয়ের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী খৈয়ম
রাজবাড়ীতে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য ‘স্বপ্নডানা প্রতিবন্ধী বিদ্যালয়’-এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (০১ মার্চ) বিকেলে জেলা প্রশাসনের তত্ত্বাবধানে বিনোদপুর এতিমখানা সংলগ্ন এলাকায় প্রধান অতিথি হিসেবে বিদ্যালয়টির উদ্বোধন করেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এমপি।
উদ্বোধন শেষে বিদ্যালয়ের শিক্ষার্থী ও সরকারি শিশু পরিবারের শিশুদের নিয়ে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে অংশ নেন প্রতিমন্ত্রী, জেলা প্রশাসকসহ অন্যান্য অতিথিরা। ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক সুলতানা আক্তার।
জানা গেছে, বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য ১৮ শতাংশ খাল জায়গা ভরাট করে জেলা প্রশাসন ও জেলা পরিষদের অর্থায়নে বারান্দাসহ তিন কক্ষবিশিষ্ট দৃষ্টিনন্দন একটি বিদ্যালয় ভবন নির্মাণ করা হয়েছে। ভবিষ্যতে বিদ্যালয়ের কক্ষ বৃদ্ধি ও শিশুদের থেরাপি সেবা চালুর পরিকল্পনা রয়েছে। এছাড়া শিক্ষার্থীদের আনা-নেওয়ার জন্য ভ্যানের ব্যবস্থাও রাখা হয়েছে।
প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন, এই বিদ্যালয় নির্মাণের মাধ্যমে প্রমাণ হয়েছে জেলা প্রশাসক তার সহকর্মীদের নিয়ে একটি মানবিক কাজ সম্পন্ন করেছেন। এ ধরনের কাজ করার ইচ্ছা বা অনুভূতি সবার থাকে না। অনেক জেলা প্রশাসক রুটিন কাজ শেষ করে চলে যান, কিন্তু আমাদের এই জেলা প্রশাসকের মনমানসিকতা ভিন্ন। স্বপ্নডানা বিদ্যালয় তারই একটি উদাহরণ। রুটিন কাজের বাইরেও তিনি আরও বেশ কিছু দৃষ্টিনন্দন উদ্যোগ গ্রহণ করেছেন।
তিনি আরও বলেন, সুবিধাবঞ্চিত এসব শিশুদের সমাজের অনেক জায়গায় স্থান হয় না এবং তাদের দেখভাল করাও পরিবারের জন্য কষ্টসাধ্য হয়ে পড়ে। তবে সঠিক পরিচর্যা ও সুযোগ পেলে অনেক শিশুই ভালো কিছু করতে পারে—তারা অত্যন্ত প্রতিভাবান। আগে বিদ্যালয়টি রেলওয়ে মাঠ এলাকায় অস্থায়ীভাবে পরিচালিত হতো। নতুন ঠিকানায় এখন শিশুদের একটি স্থায়ী ঠিকানা হলো। এই প্রতিষ্ঠানকে এগিয়ে নিতে সবাইকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।
প্রতিমন্ত্রী বলেন, সমাজের ভালো কাজের সঙ্গে যুক্ত থাকতে হবে এবং সম্মিলিত প্রচেষ্টায় সমাজের অসুবিধা ও অভাব কাটিয়ে উঠতে হবে।

