আধিপত্যবাদবিরোধী লড়াইয়েই শহীদ হলেন শরিফ ওসমান বিন হাদি: মারদিয়া মমতাজ
আধিপত্যবাদের বিরুদ্ধে সংগ্রামে জড়িত থাকার কারণেই জীবন উৎসর্গ করতে হয়েছে শরিফ ওসমান বিন হাদিকে। এমন মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মারদিয়া মমতাজ। শুক্রবার (১৬ অক্টোবর) কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে কুমিল্লা নাশিদ একাডেমি আয়োজিত ‘খুলুকিল আযিম’ কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শহীদ শরিফ ওসমান বিন হাদিকে বিস্মৃতিতে না ফেলার আহ্বান জানিয়ে মারদিয়া মমতাজ বলেন, ‘শহীদ শরিফ ওসমান বিন হাদিকে যেন কোনোদিন ভুলে না যাই। এ মানুষটি সাংস্কৃতিক আন্দোলনের সূচনা করেছিলেন। আধিপত্যবাদবিরোধী লড়াইয়ের কারণে অল্প সময়ের মধ্যেই তাকে বিদায় নিতে হয়েছে। তিনি যে অসমাপ্ত কাজ রেখে গেছেন, তা আমাদের এগিয়ে নিতে হবে।’
সামাজিক ঘটনাগুলো থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘কুমিল্লায় সম্প্রতি আইফোনের লোভে কিশোর অপ্রতিমের প্রাণ কেড়ে নেওয়া হয়েছে, একটি স্কুলছাত্রী খুন হয়েছে এবং টিকটকের মোহে চার স্কুলছাত্রী ঘরছাড়া হয়ে পড়েছে। এসব ঘটনা থেকে আমাদের জন্য বড় শিক্ষা রয়েছে। মা-বাবা আমাদের সবচেয়ে বড় বন্ধু। মনের ভয় বা ভুলের কথা তাদের জানাতে হবে। ডিজিটাল স্ক্রিনের আড়ালে নিজেদের হারিয়ে ফেলা যাবে না।’
শিল্পী জাফর খানের সভাপতিত্বে অনুষ্ঠিত আয়োজনে অতিথি হিসেবে আরও বক্তব্য দেন কুমিল্লা ইবনে তাইমিয়া স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ড. মু. শফিকুল আলম হেলাল এবং কবি, গীতিকার ও শিশুসাহিত্যিক নাঈম আল ইসলাম মাহিন।

