দুর্গাপূজায় বাড়তি নিরাপত্তা ও সেবা: মণ্ডপে এসআরবির হেল্প ডেস্ক

প্রাইম বার্তা অনলাইন
১৬ অক্টোবর ২০২৬ ১১:১৮ পিএম
দুর্গাপূজায় বাড়তি নিরাপত্তা ও সেবা: মণ্ডপে এসআরবির হেল্প ডেস্ক

শারদীয় দুর্গাপূজায় রাজধানীর পূজামণ্ডপগুলোতে নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী দর্শনার্থীদের জন্য হেল্প ডেস্ক স্থাপন করা হয়েছে জানিয়েছেন এসআরবি-১০-এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহা. আসাদুজ্জামান। শুক্রবার (১৬ অক্টোবর) রামকৃষ্ণ মিশন পূজামণ্ডপ ও ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিদর্শন করে তিনি এ তথ্য জানান। একই সঙ্গে গুরুত্বপূর্ণ মণ্ডপ এলাকাগুলোতে জরুরি সেবা পৌঁছে দেওয়ার ব্যবস্থাও নেওয়া হয়েছে বলে জানান এই কর্মকর্তা।

নিরাপত্তা ব্যবস্থা প্রসঙ্গে আসাদুজ্জামান বলেন, এসআরবি-১০-এর দায়িত্বাধীন এলাকায় ঢাকেশ্বরী জাতীয় মন্দির ও রামকৃষ্ণ মিশনসহ সর্বমোট প্রায় এক হাজার ৮৪১টি পূজামণ্ডপে বিশেষ নিরাপত্তা টিম মোতায়েন করা হয়েছে। সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন ১৫টি পিকআপ টহল, ২৮টি মোটরসাইকেল টহল এবং সাদা পোশাকের সদস্যরা। এছাড়া প্রশিক্ষিত কমান্ডো, বোম ডিসপোজাল ইউনিট ও ড্রোন টিম এলাকাভিত্তিক নজরদারি চালাচ্ছে। মণ্ডপের আশপাশে সন্দেহভাজন ব্যক্তিদের চলাচলে কড়া নজর রাখা হচ্ছে এবং টহল ও চেকপোস্ট কার্যক্রম জোরদার করা হয়েছে।

তিনি আরও জানান, যেকোনো বিশৃঙ্খলা প্রতিরোধে স্ট্রাইকিং ফোর্স সর্বদা প্রস্তুত রয়েছে এবং পূজামণ্ডপসংলগ্ন স্থানে কন্ট্রোল রুম বসানো হয়েছে। বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের দিন নৌ টহল কার্যক্রমও পরিচালিত হবে। এর পাশাপাশি এসআরবি-১০-এর গোয়েন্দা শাখা স্থানীয় পূজা কমিটির সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয়ে সম্ভাব্য হুমকি চিহ্নিত করে তাৎক্ষণিক ব্যবস্থা নিচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়ানো, সাম্প্রদায়িক উসকানি বা ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার চেষ্টা ঠেকাতে সাইবার মনিটরিং সেল সার্বক্ষণিক সক্রিয় রয়েছে।

অতিরিক্ত ডিআইজি বলেন, এবারের পূজায় এসআরবি-১০ শুধু নিরাপত্তা নিশ্চিত করছে তা নয়, মানবিক সহায়তা ও জনসেবামূলক কার্যক্রমেও বিশেষ ভূমিকা পালন করছে। সংস্থার সদস্যরা নিয়মিত মণ্ডপ পরিদর্শন করছেন, দর্শনার্থীদের সঙ্গে কথা বলছেন এবং প্রয়োজনে তাৎক্ষণিক সহায়তা দিচ্ছেন।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...