দুর্গাপূজায় টানা পাঁচ দিন বন্ধ সরকারি অফিস, ১৭ অক্টোবর খোলা থাকবে

প্রাইম বার্তা অনলাইন
০৬ অক্টোবর ২০২৬ ৬:৪৮ এএম
দুর্গাপূজায় টানা পাঁচ দিন বন্ধ সরকারি অফিস, ১৭ অক্টোবর খোলা থাকবে

শারদীয় দুর্গাপূজার আনন্দ বাড়িয়ে সরকারি ছুটির সময়সূচিতে পরিবর্তন এনেছে সরকার। আগামী ২২ অক্টোবর (বৃহস্পতিবার) ছুটি ঘোষণা করেছে মন্ত্রিসভা। এই ছুটির পাল্টা হিসেবে ১৭ অক্টোবর (শনিবার), অর্থাৎ সাপ্তাহিক ছুটির দিনে সরকারি অফিস খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত পূজার ছুটি দাঁড়িয়েছে টানা পাঁচ দিন।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সোমবার (৫ অক্টোবর) সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সাধারণ ছুটি ও নির্বাহী আদেশের ছুটির তারিখ নতুন করে নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগ পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ২০ থেকে ২২ অক্টোবর ছুটি এবং ১৭ অক্টোবর সরকারি অফিস খোলা থাকবে।

২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, মহানবমী উপলক্ষে ২০ অক্টোবর (মঙ্গলবার) ছুটি ছিল নির্বাহী আদেশের আওতায়, আর বিজয়া দশমী উপলক্ষে ২১ অক্টোবর (বুধবার) সাধারণ ছুটি। ২২ অক্টোবর কার্যদিবস হিসেবেই ছিল, যা এখন মন্ত্রিসভার সিদ্ধান্তে ছুটির দিনে রূপান্তরিত হলো। এর পরপরই ২৩ ও ২৪ অক্টোবর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি পড়েছে বলে ধারাবাহিকভাবে পাঁচ দিন অফিস বন্ধ থাকবে।

মন্ত্রিসভার অনুমোদনের পর এ বিষয়ে আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করবে জনপ্রশাসন মন্ত্রণালয়। ওই প্রজ্ঞাপনের মাধ্যমেই পূজার ছুটির চূড়ান্ত সময়সূচি নিশ্চিত হবে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...