দুর্গোৎসবে সব সম্প্রদায় নিরাপদ, বিশ্বের কাছে তুলে ধরব: ডিসি জাহিদ

প্রাইম বার্তা অনলাইন
০৬ অক্টোবর ২০২৬ ১২:২৭ এএম
দুর্গোৎসবে সব সম্প্রদায় নিরাপদ, বিশ্বের কাছে তুলে ধরব: ডিসি জাহিদ

শারদীয় দুর্গোৎসবকে ঘিরে বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ইতিবাচক চিত্র আন্তর্জাতিক অঙ্গনে উপস্থাপন করতে চান চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। তাঁর কথায়, এই দেশের প্রতিটি নাগরিক, সম্প্রদায় ও জাতিগোষ্ঠী সম্পূর্ণ নিরাপদে বসবাস করছে এবং নিজেদের ধর্মীয় উৎসবও নিশ্চিন্তে পালন করছে, এই বার্তাই বিশ্বের কাছে পৌঁছে দিতে হবে।

সোমবার (৫ অক্টোবর) দুর্গাপূজা উপলক্ষে চট্টগ্রাম সার্কিট হাউজে জেলা প্রশাসনের আয়োজনে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা নিয়ে প্রস্তুতিমূলক বৈঠকে তিনি এসব কথা বলেন। উৎসব সামনে রেখে গুজব ও অপপ্রচারকে বড় চ্যালেঞ্জ হিসেবে চিহ্নিত করে তিনি বলেন, তুচ্ছ কোনো ঘটনাকে অতিরঞ্জিত করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা হতে পারে। গুজব ও অপতথ্য শনাক্তে সাইবার ইউনিট সক্রিয় থাকবে বলেও জানান তিনি, আর পূজা উদ্যাপন পরিষদসহ সংশ্লিষ্ট সংগঠনগুলোর প্রতি দ্রুত সঠিক তথ্য তুলে ধরার আহ্বান জানান।

বৈঠকে চট্টগ্রামের পুলিশ সুপার মো. মাসুদ আলম জানান, মহানগরের বাইরে জেলার স্থায়ী ও অস্থায়ী মিলিয়ে ২ হাজার ২৮৭টি পূজামণ্ডপ গড়ে উঠেছে, যার প্রায় ১ হাজার ৮০০টিতে প্রতিমা বিসর্জন দেওয়া হবে। অপতথ্য ছড়ানো কোনোভাবেই মেনে নেওয়া হবে না উল্লেখ করে তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর নজরদারিতে থাকবে। মণ্ডপ বা জায়গা-জমি নিয়ে বিরোধ থাকলে পূজার আগেই তা মীমাংসা করার এবং স্বেচ্ছাসেবকদের তালিকা ও মুঠোফোন নম্বর সংশ্লিষ্ট থানায় জমা রাখার পরামর্শ দেন তিনি।

নিরাপত্তা জোরদারে প্রতিটি মণ্ডপে সিসিটিভ ক্যামেরা স্থাপনের নির্দেশ দেন জেলা প্রশাসক। স্বেচ্ছাসেবকদের রোস্টার করে দায়িত্ব দিতে এবং সহজে শনাক্ত করার জন্য আলাদা পোশাক, কটি বা আর্মব্যান্ড ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। প্রতিমা তৈরি ও পরিবহন থেকে বিসর্জন পর্যন্ত প্রতিটি ধাপে নিরাপত্তার ওপর জোর দিয়ে সম্ভব হলে দিনের আলোয় প্রতিমা মণ্ডপে আনা এবং সূর্যাস্তের আগেই বিসর্জন শেষ করার পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া বিসর্জনস্থলে পর্যাপ্ত আলো ও নিরাপত্তা, ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার এবং যানবাহনের ফিটনেস ও চালকের সক্ষমতা যাচাইয়ের তাগিদও দেওয়া হয়েছে। প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, পূজা কমিটি ও স্বেচ্ছাসেবকদের সমন্বিত কর্মপরিকল্পনার মধ্য দিয়েই শান্তিপূর্ণ ও আনন্দঘন দুর্গোৎসব নিশ্চিত করা সম্ভব বলে মনে করছেন জেলা প্রশাসক।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...