শাহজালালে কোমরের বেল্টে লুকানো এক কেজি সোনাসহ বিমান কর্মী আটক

প্রাইম বার্তা অনলাইন
০২ অক্টোবর ২০২৬ ২:৪০ পিএম
শাহজালালে কোমরের বেল্টে লুকানো এক কেজি সোনাসহ বিমান কর্মী আটক

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবৈধ সোনা নিয়ে চলার সময় বাংলাদেশ বিমানের এক কর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা কাস্টমস হাউস। তার শার্টের পকেট ও কোমরে বাঁধা বেল্ট থেকে এক কেজিরও বেশি ওজনের সোনার বার উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট এক যাত্রীকেও আটক করা হয়েছে।

কাস্টমস সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১ অক্টোবর) রাত ১১টা ২০ মিনিটে বিমানবন্দরে এভসেক ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সঙ্গে যৌথ অভিযান পরিচালনা করা হয়। এ সময় বিমানের কর্মী ওবায়দুর রহমানের দেহ তল্লাশি চলাকালে তার শার্টের পকেট ও কোমরের বেল্টে টিস্যুতে মোড়ানো অবস্থায় ৯টি সোনার বার পাওয়া যায়। উদ্ধার হওয়া সোনার মোট ওজন এক কেজি ৪৯.৪০ গ্রাম, যার আনুমানিক বাজারমূল্য ২ কোটি ১০ লাখ টাকা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওবায়দুর রহমান যে যাত্রীর হয়ে সোনা নিয়ে আসছিলেন, তার খোঁজ মেলে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে সংশ্লিষ্ট যাত্রীকেও আটক করা হয়েছে বলে জানায় কাস্টমসের এয়ারপোর্ট ইউনিট।

শুক্রবার (২ অক্টোবর) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ অভিযানের বিষয়টি নিশ্চিত করে। কাস্টমস কর্তৃপক্ষ জানায়, আটককৃত বিমান কর্মী ওবায়দুর রহমানসহ সংশ্লিষ্ট সবার বিরুদ্ধে কাস্টমস আইন, ২০২৩ এবং প্রাসঙ্গিক অন্যান্য আইনে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...