সেবা মাসের শুরুতে চট্টগ্রামের এতিমখানায় খাবার দিল বন্ধন লায়ন্স
অক্টোবর সেবা মাসের সূচনা করতেই চট্টগ্রামের একটি এতিমখানায় রান্না করা খাবার পৌঁছে দিয়েছে লায়ন্স ক্লাব অব চিটাগাং বন্ধন। বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে নগরীর উত্তর আগ্রাবাদের হাজিপাড়ায় অবস্থিত ফয়জানে আউলিয়া মদিনাতুল মাদরাসা ও এতিমখানায় এই খাবার বিতরণ করা হয়।
ক্লাবের সভাপতি আবু তাহেরের সভাপতিত্বে আয়োজিত এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স জেলা ৩১৫-বি৪ এর কনসার্ন রিজিয়ন চেয়ারপারসন লায়ন ফাতেমা রহমান। বিশেষ অতিথির ভূমিকায় ছিলেন রিজিয়ন চেয়ারপারসন লায়ন ইঞ্জিনিয়ার মুজিবুর রহমান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ক্লাবের সদ্য প্রাক্তন সভাপতি ও সার্ভিস চেয়ারপারসন লায়ন আবুল খায়ের, প্রাক্তন সভাপতি লায়ন মামুনুর রশিদ মামুন, লিও ক্লাব এডভাইজার লায়ন মোহাম্মদ পারভেজ, লিও ক্লাব সভাপতি আজমাইন আদিল চৌধুরী, সদ্য প্রাক্তন সভাপতি লিও এনামুল হক জুয়েল, লিও সজিব, আল আমিন, ইরফান ও জিদান।
অতিথিরা বলেন, বন্ধন লায়ন্স ক্লাব নিয়মিতভাবে এই এতিমখানায় বিভিন্ন সেবা কার্যক্রম চালিয়ে আসছে। অক্টোবর সেবা মাসের প্রথম দিনেই এমন এক মহৎ উদ্যোগ দিয়ে যাত্রা শুরু করায় সারা বছরের সেবা কর্মসূচি পূর্ণতা পাবে বলে তারা আশা প্রকাশ করেন।
পরে মাদরাসার পরিচালক হাফেজ আব্দুল আলিম মানিক দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন। ক্লাবের এই কার্যক্রম যেন আরও বৃহৎ পরিসরে সফলতার সঙ্গে এগিয়ে নেওয়া যায়, সেজন্যও তিনি মহান রবের কাছে দোয়া করেন।

