রক্তাক্ত করে ফাঁকা গুলি: বাংলামোটরে যুবদলের বহিষ্কৃত নেতা সাইমনসহ আটক ৪
রাজধানীর বাংলামোটর এলাকায় এক ব্যক্তির মাথায় আঘাত করে রক্তাক্ত করার পর ফাঁকা গুলি ছোড়ার অভিযোগ উঠেছে হাতিরঝিল থানা যুবদলের বহিষ্কৃত আহ্বায়ক ফেরদৌস আহাম্মেদ সাইমনের বিরুদ্ধে। বৃহস্পতিবার (১ অক্টোবর) রাতে এ ঘটনার পর পুলিশ তাকেসহ আরও তিনজনকে আটক করেছে। আহত ব্যক্তিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান জানান, রাত ৮টা ১০ মিনিটের দিকে বাংলামোটর মোড়ের উত্তর পাশের একটি গলিতে সাইমনের সঙ্গে সোহাগ (৪৫) নামের এক ব্যক্তির কথা কাটাকাটি শুরু হয়। বিবাদ চরম রূপ নিলে সোহাগের মাথায় আঘাত করা হয়, ফলে তিনি রক্তাক্ত হন। এরপর সাইমন সেখানে দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়েন।
পুলিশের তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান বলেন, ঘটনার পর এলাকাবাসী সাইমন ও তার তিন সঙ্গীকে অবরুদ্ধ করে রাখেন। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ফোর্স ঘটনাস্থলে পৌঁছে চারজনকে আটক করে। এ ছাড়া সাইমনের ব্যবহৃত একটি মোটরসাইকেল স্থানীয়রা ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয় বলে জানিয়েছে হাতিরঝিল থানা পুলিশ।
আহত সোহাগের অভিযোগ, সাইমন দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড, মারামারি ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত। এসব কর্মকাণ্ডের দায়েই তাকে যুবদল থেকে বহিষ্কার করা হয়েছিল। পুলিশ জানিয়েছে, ঘটনা সংক্রান্ত আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

