লালবাগের ভাড়া বাসায় আইনজীবীর অর্ধগলিত মরদেহ, স্ট্রোকে মৃত্যুর আশঙ্কা

প্রাইম বার্তা অনলাইন
১২ সেপ্টেম্বর ২০২৬ ৮:২৩ পিএম
লালবাগের ভাড়া বাসায় আইনজীবীর অর্ধগলিত মরদেহ, স্ট্রোকে মৃত্যুর আশঙ্কা

রাজধানীর লালবাগ এলাকার একটি ভাড়া করা কক্ষ থেকে মুহাম্মদ আনোয়ার হোসেন নামের জজ কোর্টের এক আইনজীবীর পচনশীল অবস্থায় মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুই থেকে তিন দিন আগে স্ট্রোকে আক্রান্ত হয়ে তার মৃত্যু ঘটে। শনিবার (১২ সেপ্টেম্বর) সাড়ে এগারোটার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয়ভাবে জানা যায়, লালবাগ থানার শহীদনগরের বউবাজার ৩ নম্বর গলির ১০/১ নম্বর বাসার দ্বিতীয় তলার একটি কক্ষে একাই থাকতেন ওই আইনজীবী। পাশের ঘরের এক ভাড়াটিয়া তাকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ আইনগত কার্যক্রম শুরু করে। এ সময় ফরেনসিক পরীক্ষার জন্য সিআইডির ক্রাইম সিন ইউনিটের সদস্যরাও সেখানে উপস্থিত ছিলেন।

লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জামিল হোসেন জানান, মৃত আনোয়ার হোসেন জজ কোর্টের অ্যাডভোকেট ছিলেন। ঢাকা বার অ্যাসোসিয়েশনের অ্যানেক্স ভবনের প্রথম তলার ২১৪ নম্বর কক্ষে ছিল তার চেম্বার। ব্যাচেলর হিসেবে বাসায় একা থাকলেও তার পরিবার গ্রামে বসবাস করেন বলে প্রাথমিক তথ্যে জানা গেছে।

ওসি আরও জানান, মৃতের ড্রাইভিং লাইসেন্স পুলিশের কাছে রাখা হয়েছে। সেটি যাচাই করে তার পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে। সুরতহালসহ প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে বলেও তিনি নিশ্চিত করেন।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...