ব্যাগ ছিনিয়ে শিক্ষিকার মৃত্যু: রাজধানীতে বাড়ছে ছিনতাইয়ের ঘটনা
চোখের চিকিৎসার জন্য ঢাকায় আসা বগুড়ার এক শিক্ষিকা ছিনতাইকারীদের টানায় রিকশা থেকে পড়ে প্রাণ হারিয়েছেন। গত শনিবার (২৯ আগস্ট) ভোরে সংসদ ভবন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রনজিলা পারভীন (৫৭) বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ী সরকারি বালিকা বিদ্যালয়ের শিক্ষিকা ছিলেন।
স্বামীর সাথে রিকশায় করে হাসপাতালে যাওয়ার পথে পেছন থেকে আসা দুই মোটরসাইকেল আরোহী হঠাৎ তার হাতের ব্যাগে জোরে টান দেন। এতে রিকশা থেকে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান তিনি। দ্রুত শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শিশুদের নিয়ে তার জীবন কেটেছে, কিন্তু ছিনতাইকারীদের হাতে তার জীবনের সমাপ্তি ঘটল।
গত ছয় মাসে এধরণের ঘটনায় ঢাকায় অন্তত তিন নারীর মৃত্যু হয়েছে। এর আগে উত্তরায় মুক্তা আক্তার এবং শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে সোহেলি ইসলাম একইভাবে প্রাণ হারান। সব ক্ষেত্রেই ছিনতাইকারীরা চলন্ত রিকশা বা অটোরিকশা থেকে ব্যাগ টেনে নিয়ে যায়, ফলে ভুক্তভোগীরা রাস্তায় পড়ে গুরুতর আহত হন।
এদিকে রোববার (৩০ আগস্ট) ধানমন্ডি লেক এলাকায় ৩৯ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টাকালে স্থানীয়দের সহায়তায় পুলিশ তিন ছিনতাইকারীকে আটক করেছে। তারা হলেন তানভীর আবেদীন জুই, মজিবর রহমান ও জাকির হোসেন ওরফে ক্যাপ্টেন জাকির।

