সেপ্টেম্বরে রূপপুরের পরীক্ষামূলক চালু, আগামী বছর পূর্ণ উৎপাদনে আসছে
দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপুর চালু হতে যাচ্ছে চলতি মাসেই। আগামী বছর থেকে এই বিদ্যুৎকেন্দ্রটি পূর্ণাঙ্গ উৎপাদনে যাওয়ার পথে এগিয়ে যাবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। গত মঙ্গলবার সরকারি ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব তথ্য নিশ্চিত করেছেন।
বিদ্যুৎ ও জ্বালানি সংকট সমাধানে দুই বছর সময় লাগার বিষয়টি ব্যাখ্যা করতে গিয়ে উপদেষ্টা বলেন, এই সময়সীমা আসলে দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ। বর্তমানে বিদ্যমান যান্ত্রিক ও সরবরাহজনিত সমস্যাগুলো সমাধান হলে খুব দ্রুতই বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি ঘটবে। দীর্ঘমেয়াদে স্থিতিশীলতা আনতে নতুন এফএসআরইউ আমদানির উদ্যোগ নেওয়া হয়েছে, যা দেশে আসতে আরও প্রায় দুই বছর সময় লাগবে।
বিকল্প জ্বালানির ক্ষেত্রে রূপপুর বিদ্যুৎকেন্দ্রের অগ্রগতির কথা তুলে ধরে ডা. জাহেদ উর রহমান বলেন, ‘অল্টারনেটিভ এনার্জির মধ্যে রূপপুর বিদ্যুৎকেন্দ্র এই মাসেই, মানে সেপ্টেম্বরে, একটা পরীক্ষামূলক লঞ্চিংয়ের আলাপ হয়েছে। আগামী বছর থেকে এটা ফুল স্কেলে লঞ্চিংয়ে যাবে।’
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটি পূর্ণাঙ্গ চালু হলে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের ওপর চাপ অনেকাংশে কমে আসবে। পাশাপাশি গ্যাসের ঘরোয়া অনুসন্ধান ও এলএনজি আমদানি বাড়ানোর মাধ্যমেও সরকার জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে।

