বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে মুখে কুলুপ দিয়েছেন দীনেশ ত্রিবেদী
ঢাকায় নিয়োজিত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী স্পষ্ট জানিয়েছেন, বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে তার দেশ কোনো ধরনের মন্তব্য করতে আগ্রহী নয়। তার মতে, একটি দেশের নাগরিক এবং নির্বাচিত সরকারই তাদের জনগণের ভাগ্য নির্ধারণে সবচেয়ে সক্ষম।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খানের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। সাক্ষাৎকারে দীনেশ ত্রিবেদী জোর দিয়ে বলেন, রাষ্ট্রদূত হিসেবে অন্য কোনো দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ বা মন্তব্য করা তাদের দায়িত্বের মধ্যে পড়ে না।
দুই দেশের কূটনৈতিক সম্পর্ক প্রসঙ্গে ভারতীয় হাইকমিশনার বলেন, প্রতিবেশী হিসেবে তাদের একমাত্র লক্ষ্য হলো মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক জোরদার করা। সীমান্ত ভাগ করে নেয়ার কারণে দুই দেশের দায়িত্ব বেড়ে যায়, তবে এই সম্পর্কের ক্ষেত্রে কোনো দেশ বড় বা ছোট নয়—সবাই সমান। সাধারণ মানুষের ভালোর জন্যই তারা কাজ করে যাচ্ছেন বলেও এ সময় জানান তিনি।

