সেবায় গাফিলতি করলেই ব্যবস্থা: ডিএসসিসি প্রশাসকের হুঁশিয়ারি

প্রাইম বার্তা অনলাইন
১৯ আগস্ট ২০২৬ ৩:৪৮ পিএম
সেবায় গাফিলতি করলেই ব্যবস্থা: ডিএসসিসি প্রশাসকের হুঁশিয়ারি

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নাগরিক সেবার মান যাচাইয়ে কোনো ধরনের গাফিলতি বরদাশত করা হবে না বলে জানিয়েছেন সংস্থাটির প্রশাসক মো. আবদুস সালাম। বুধবার (১৯ আগস্ট) সকালে রাজধানীর সায়েন্সল্যাব ও সিটি কলেজ এলাকায় বর্জ্য ব্যবস্থাপনা ও ফুটপাথ উচ্ছেদ অভিযানকালে তিনি এই হুঁশিয়ারি দেন।

অভিযান পরিচালনাকালে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে প্রশাসক বলেন, নগর ভবনে বসে থেকে ঢাকা দক্ষিণের মতো বিশাল এলাকা কার্যকরভাবে পরিচালনা সম্ভব নয়। তাই সরাসরি মাঠে নেমে নাগরিকদের সমস্যা শোনা ও সমাধানের উদ্যোগ নেওয়া হচ্ছে। গত পাঁচ মাস ধরে সতর্ক করার পর এখন সরাসরি মনিটরিং ও তদারকির সময় এসেছে বলে তিনি জানান।

ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে আবদুস সালাম বলেন, আজ থেকে প্রতি সপ্তাহে অন্তত একদিন তিনি ডিএসসিসির যেকোনো এলাকায় হঠাৎ পরিদর্শনে যাবেন। সেখানে বর্জ্য ব্যবস্থাপনা, মশক নিয়ন্ত্রণ, রাজস্ব আদায় ও সড়কবাতির মতো সেবার মান যাচাই করা হবে। সেবাদানে কোনো বিভাগের বিন্দুমাত্র গাফিলতি পাওয়া গেলে সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে তাৎক্ষণিক প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।

নাগরিকদের প্রতি সতর্ক করে তিনি বলেন, এডিস মশার লার্ভা সৃষ্টির পরিবেশ তৈরি করলে আইন অনুযায়ী জরিমানা করা হবে। এছাড়া অভিযানে ট্রেড লাইসেন্স পরীক্ষা ও অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। সবার সহযোগিতায় ডিএসসিসিকে একটি পরিচ্ছন্ন ও সবুজ নগরী হিসেবে গড়ে তোলাই তাদের মূল লক্ষ্য।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...