উদ্বোধনের পরদিনই ফাঁকা বিআরটিসির মহিলা বাস, যাত্রীদের অনীহা
রাজধানীতে নারীদের নিরাপদ ও আরামদায়ক যাতায়াত নিশ্চিত করতে বিআরটিসির নতুন ‘মহিলা বাস সার্ভিস’ চালু করা হলেও তা যাত্রীদের আগ্রহ অর্জনে ব্যর্থ হয়েছে। বুধবার (১৯ আগস্ট) সকালে রাজধানীর বিভিন্ন রুটে এই বাসগুলো ফাঁকা হয়ে চলাচল করতে দেখা গেছে। অন্যদিকে, নারী যাত্রীদের উপস্থিতি ছিল সাধারণ বাসগুলোতে।
সকাল সাড়ে ৯টার দিকে শ্যামলী এলাকা অতিক্রম করা মিরপুর থেকে ছেড়ে আসা একটি মতিঝিলগামী বাসের চিত্র দেখা যায়। এই দ্বিতল বাসটির নিচতলায় মাত্র ৪-৫ জন যাত্রী থাকলেও উপরের তলাটি ছিল সম্পূর্ণ ফাঁকা। আরং ট্রাফিক সিগন্যাল থেকে সংসদ ভবন পর্যন্ত বাসটির গতিপথ পর্যবেক্ষণ করে দেখা যায়, এসময় কোনো বাসস্ট্যান্ডে না দাঁড়িয়ে এটি সোজা চলে যায়। যাত্রী সংকটের কারণে বাসটি স্টপেজগুলোতে থামেনি। ফলে চালক বা সহকারীদের সাথে কথা বলা সম্ভব হয়নি।
যাত্রীদের অনীহার কারণ হিসেবে অনিশ্চয়তাকে দায়ী করেছেন অনেকে। ফার্মগেট বাস স্টপেজে অপেক্ষারত নারী যাত্রী আসমা আক্তার জানান, তিনি নির্দিষ্ট কোনো মহিলা বাসের জন্য অপেক্ষা করছেন না। অফিসের সময় ধরে রাখতে তিনি যে বাস পাবেন তাতেই উঠবেন। মহিলা বাসের জন্য দাঁড়িয়ে থাকলে অফিসে লেট হওয়ার ঝুঁকি আছে বলে তিনি মনে করেন। সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত ফার্মগেটে অবস্থান করেও কোনো মহিলা বাসের দেখা পাওয়া যায়নি।

