সীতাকুণ্ডে ৯ শ্রমিকের মৃত্যু: পুলিশের মামলা, জাহাজে উচ্চমাত্রার বিষাক্ত গ্যাস

প্রাইম বার্তা অনলাইন
১৮ আগস্ট ২০২৬ ১২:৫৮ পিএম
সীতাকুণ্ডে ৯ শ্রমিকের মৃত্যু: পুলিশের মামলা, জাহাজে উচ্চমাত্রার বিষাক্ত গ্যাস

চট্টগ্রামের সীতাকুণ্ডে ফেরদৌস স্টিল শিপ রিসাইক্লিং ইয়ার্ডে বিষাক্ত গ্যাসে আটকে ৯ শ্রমিকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় আইনি পদক্ষেপ নিয়েছে পুলিশ। নিহতদের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না ওঠায় সোমবার (১৭ আগস্ট) সীতাকুণ্ড থানায় পুলিশ বাদী হয়ে একটি অপমৃত্যু মামলা দায়ের করেছে। দুর্ঘটনার চার দিন পর এই মামলা হলো।

এদিকে, ঘটনার কারণ উদঘাটনে গঠিত যৌথ তদন্ত কমিটি সোমবার দুর্ঘটনাকবলিত জাহাজটি পরিদর্শন করেছে। শিল্প মন্ত্রণালয়, চট্টগ্রাম জেলা প্রশাসন ও বাংলাদেশ শিপ ব্রেকার্স অ্যান্ড রিসাইক্লার্স অ্যাসোসিয়েশনের (বিএসবিআরএ) গঠিত কমিটির সদস্যদের সঙ্গে বুয়েটের বিশেষজ্ঞ, বিস্ফোরক, পরিবেশ, নৌ-মন্ত্রণালয় ও ফায়ার সার্ভিসের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। বিশেষ নিরাপত্তাব্যবস্থা নিয়ে তারা জাহাজের অভ্যন্তরে প্রবেশ করেন। এর আগে জাহাজে গ্যাসের উপস্থিতির কারণে ঝুঁকি নিয়ে তদন্ত করা সম্ভব হচ্ছিল না।

শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও তদন্ত কমিটির প্রধান এ কে এম বেনজামিন রিয়াজী জানান, জাহাজের ব্যালাস্ট ট্যাংকে বিষাক্ত গ্যাসের মাত্রা বিপজ্জনক পর্যায়ে রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ট্যাংকে জমে থাকা হাইড্রোজেন সালফাইড গ্যাসই এই মৃত্যুর মূল কারণ। তবে গ্যাসের সঠিক পরিমাণ ও ধরন নির্ণয়ে আরও পরীক্ষার প্রয়োজন। তিনি আরও বলেন, দুর্ঘটনার কারণ ছাড়াও কারো গাফিলতি বা নিরাপত্তায় ত্রুটি ছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। জাহাজে অন্য কোনো ধরনের বিষাক্ত পদার্থ আছে কিনা তাও পরীক্ষা করা হবে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...