নারী চালকের হাতে গোলাপি বাস, আজ থেকেই রাজপথে
রাজধানীর ব্যস্ত সড়কে নারীদের নিরাপদ ও হ্যাসলফ্রি যাতায়াত নিশ্চিত করতে বিশেষ উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)। মঙ্গলবার (১৮ আগস্ট) থেকে রাজধানীর তেজগাঁওয়ে আনুষ্ঠানিকভাবে এই ‘মহিলা বাস’ সার্ভিসের যাত্রা শুরু হচ্ছে। এর অন্যতম বৈশিষ্ট্য হলো, এসব বাসের হ্যান্ডলিং এবং টিকিট সংগ্রহের দায়িত্বে থাকবেন শুধুমাত্র নারী চালক ও কন্ডাক্টর। একইসাথে বগুড়া ও চট্টগ্রামেও এই সেবা চালু হচ্ছে।
জানা গেছে, বিআরটিসির নিজস্ব প্রশিক্ষক ও অভিজ্ঞ চালক হিসেবে কর্মরত নারীরাই এবার গোলাপি রঙের এই বাসগুলো চালানোর দায়িত্ব পালন করবেন। প্রায় দেড় মাসব্যাপী আয়োজিত বিশেষ প্রশিক্ষণ সম্পন্ন করে তারা বড় বাস চালানোর জন্য পুরোপুরি প্রস্তুতি নিয়েছেন। খাদিজাতুল রিমাসহ সংশ্লিষ্ট চালকরা জানিয়েছেন, নিরাপদ যাতায়াতের পাশাপাশি এই উদ্যোগ কর্মক্ষেত্রে নারীদের অংশগ্রহণ ও আত্মবিশ্বাস বৃদ্ধিতেও ভূমিকা রাখবে। ঢাকায় মিরপুর-১২ থেকে মতিঝিল রুটে এসব বাস চলাচল করবে।
এই বাস সার্ভিসের একজন চালক খাদিজাতুল রিমা জানান, নারীদের নিরাপদে গন্তব্যে পৌঁছে দেওয়ার লক্ষ্যেই তারা এই দায়িত্ব স্বেচ্ছায় গ্রহণ করেছেন। তিনি বলেন, একজন নারী হিসেবে অপর নারীকে নিরাপদে গন্তব্যে পৌঁছে দেওয়ার কাজটি তাদের কাছে আনন্দদায়ক। তাদের বিশ্বাস, এই উদ্যোগ সমাজে নারী ক্ষমতায়নের নতুন দিগন্ত তৈরি করবে।

