জাল নিয়োগপত্রের ফাঁদে প্রতারণা, সতর্ক করল জনপ্রশাসন মন্ত্রণালয়

প্রাইম বার্তা অনলাইন
১৭ আগস্ট ২০২৬ ৫:৪৬ পিএম
জাল নিয়োগপত্রের ফাঁদে প্রতারণা, সতর্ক করল জনপ্রশাসন মন্ত্রণালয়

জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব শরিফুল ইসলামের স্বাক্ষর জাল করে একটি ভুয়া নিয়োগপত্র তৈরির অভিযোগ উঠেছে। প্রতারক চক্রটি মো. রেদুয়ান আহম্মেদ নামের একজনকে অফিস সহায়ক পদে নিয়োগের জন্য গত ১০ আগস্ট এই জাল দলিল জারি করেছে। এই নিয়োগপত্রটি সম্পূর্ণ মিথ্যা এবং এর মাধ্যমে চাকরি প্রার্থীদের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার উদ্দেশ্যে চক্রটি কাজ করছে বলে জানিয়েছে মন্ত্রণালয় সূত্রে।

ভুয়া আদেশে বলা হয়েছে, মন্ত্রণালয়ে জনবল সংকট মোকাবিলায় বিধি মোতাবেক রাজস্ব খাতে ৮,২৫০ থেকে ২০,০১০ টাকা বেতনে এই নিয়োগ দেওয়া হয়েছে এবং তা আগামী ২০২৬ সালের ১১ আগস্ট থেকে কার্যকর হবে। তবে এই ধরনের কোনো নিয়োগপত্র মন্ত্রণালয়ের প্রশাসন-১ শাখা থেকে জারি হয়নি বলে স্পষ্ট জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। কোনো পরীক্ষা ছাড়াই সরাসরি নিয়োগের নামে এ ধরনের প্রতারণা চক্র সক্রিয় হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয় জানায়, সব ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি মন্ত্রণালয়ের নিজস্ব ওয়েবসাইটে প্রকাশ করা হয় এবং প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমেই যোগ্য প্রার্থী নির্বাচন করা হয়। চাকরির আশায় কোনো প্রার্থী যেন এই ধরনের প্রলোভনে পা না দেন এবং অসাধু চক্রের সাথে কোনো আর্থিক লেনদেনে জড়ান না, সে জন্য সবাইকে সতর্ক থাকার অনুরোধ জানানো হয়েছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...