মুক্তিযোদ্ধাদের কল্যাণে আরও বেশি কাজ করা সম্ভব: আহমেদ আযম খান
বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের সম্পদের সুষ্ঠু ও দক্ষ ব্যবস্থাপনা নিশ্চিত করতে পারলে দেশের বীর মুক্তিযোদ্দের কল্যাণে আরও ব্যাপক ও কার্যকর উদ্যোগ গ্রহণ করা সম্ভব হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান। তিনি বলেন, এর মাধ্যমে এমনকি সরকারের রাজস্ব তহবিলেও অর্থ জমা দেওয়ার সক্ষমতা অর্জন করা যাবে।
রোববার (৯ আগস্ট) রাজধানীর মতিঝিলে অবস্থিত মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের সভাকক্ষে ট্রাস্টের নবগঠিত নির্বাহী কমিটির প্রথম এবং ৭৪তম সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন মন্ত্রী নিজেই। এ সময় তিনি বলেন, বর্তমানে যুদ্ধাহত, খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা এবং শহীদ ও মৃত মুক্তিযোদ্ধা পরিবারের পুনর্বাসনে কাজ করা হচ্ছে। ট্রাস্টের সম্পদের যথাযথ ব্যবস্থাপনা হলে এই সীমাবদ্ধ পরিসরের বাইরে গিয়ে সব বীর মুক্তিযোদ্ধার উন্নয়নে কাজ করা সম্ভব।
সভায় ট্রাস্টের মালিকানাধীন সম্পদ এবং অধীনস্থ বাণিজ্যিক ও শিল্পপ্রতিষ্ঠানগুলোর উন্নয়ন পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা ও পর্যালোচনা করা হয়। এতে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন, সংসদ সদস্য মো. ফজলুর রহমান ও মনিরুল হক চৌধুরী, মন্ত্রণালয়ের সচিব আশরাফুল ইসলাম, অর্থ ও শিল্প মন্ত্রণালয়ের সচিবদের প্রতিনিধি এবং ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল্লাহ আল-মামুন উপস্থিত ছিলেন।

