চট্টগ্রামে নওফেলের বাসায় পেট্রল বোমা নিক্ষেপ, আগুনের চেষ্টা ব্যর্থ

প্রাইম বার্তা অনলাইন
০৭ আগস্ট ২০২৬ ২:৩৮ পিএম
চট্টগ্রামে নওফেলের বাসায় পেট্রল বোমা নিক্ষেপ, আগুনের চেষ্টা ব্যর্থ

চট্টগ্রাম নগরীর চশমা হিল এলাকায় সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের বাসভবনে পেট্রল বোমা নিক্ষেপ করে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দিনগত রাত সাড়ে ১২টার দিকে পাঁচলাইশ থানাধীন মেয়র গলির বাসভবনটিতে ৬ থেকে ৭ জনের একটি দল এ হামলা চালায়। তবে বাড়ির ভেতরে আগুন লাগতে দেখে স্থানীয় বাসিন্দারা দ্রুত এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যেতে বাধ্য হয়।

ঘটনাস্থল পরিদর্শন করেছেন পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল ইসলাম। তিনি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পেট্রল বোমাসদৃশ বস্তু ছোড়া হয়েছিল। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এদিকে, নওফেলের ছোট ভাই বোরহানুল হাসান চৌধুরী সালেহিন সামাজিক যোগাযোগমাধ্যমে এ হামলার নিন্দা জানিয়েছেন। তিনি বলেন, এটি কোনো একটি বাড়িতে হামলা মাত্র নয়, একটি পরিবারের নিরাপত্তা ও গণতান্ত্রিক মূল্যবোধের ওপর আঘাত। তিনি নিরপেক্ষ তদন্তের মাধ্যমে জড়িতদের শাস্তির দাবি করেছেন।

সরকার পতনের পর গত দুই বছরে এটি ওই বাসভবনের ওপর চতুর্থ দফা হামলা। এর আগে গত ৩ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনের সময় এবং ৫ আগস্ট লুটপাটের ঘটনা ঘটে। এছাড়া গত বছরের ডিসেম্বরেও বাড়িটিতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছিল।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...