সিডিএ চেয়ারম্যান: চট্টগ্রাম গড়তে সাংবাদিকদের ভূমিকা অপরিহার্য

প্রাইম বার্তা অনলাইন
০৭ আগস্ট ২০২৬ ১২:৪৩ পিএম
সিডিএ চেয়ারম্যান: চট্টগ্রাম গড়তে সাংবাদিকদের ভূমিকা অপরিহার্য

চট্টগ্রাম মহানগরীকে আধুনিক ও বাসযোগ্য করে গড়ে তুলতে গণমাধ্যমকর্মীদের সহযোগিতা একান্ত কাম্য বলে মনে করেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন। তিনি বলেন, নগর উন্নয়নের ধারাবাহিকতা ও স্বচ্ছতা নিশ্চিত করতে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। ৬ আগস্ট টিভি ক্যামেরা জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের (টিসিজেএ) মাসব্যাপী প্রশিক্ষণ কর্মশালার সনদ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

প্রকৌশলী বেলায়েত হোসেন জানান, দেশের অর্থনীতির চালিকাশক্তি এই নগরীর যানজট ও জলাবদ্ধতা নিরসনে সিডিএ বর্তমানে বহুমুখী উদ্যোগ গ্রহণ করেছে। এসব উন্নয়ন কর্মকাণ্ডের বাস্তব চিত্র তুলে ধরে সাধারণ মানুষকে সঠিক তথ্য দিতে পারেন সাংবাদিকরা। তিনি আরও বলেন, সমালোচনা গণতান্ত্রিক অধিকার, তবে তা হওয়া চাই যুক্তিনির্ভর ও তথ্যভিত্তিক। প্রকল্পের সীমাবদ্ধতা এবং সম্ভাবনা দুটোই বস্তুনিষ্ঠভাবে ফুটিয়ে তুললে সংশ্লিষ্টদের কাজ করা সহজ হবে।

প্রশিক্ষণ ও দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করে সিডিএ চেয়ারম্যান বলেন, প্রযুক্তির এই যুগে সাংবাদিকদের নিয়মিত দক্ষতা অর্জন করতে হবে। শুধুমাত্র সমালোচনা নয়, ইতিবাচক সাংবাদিকতার মাধ্যমে জনগণের প্রকৃত সেবা নিশ্চিত করতে হবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টিসিজেএ সভাপতি এনামুল হক এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আশরাফুল আলম চৌধুরী মামুন। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক আমারদেশের আবাসিক সম্পাদক জাহিদুল করিম কচিসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...