মহেশখালী টার্মিনাল: জাতীয় গ্রিডে বাড়ল ৮০০ মিলিয়ন ঘনফুট গ্যাস

প্রাইম বার্তা অনলাইন
০৬ আগস্ট ২০২৬ ২:৩৬ পিএম
মহেশখালী টার্মিনাল: জাতীয় গ্রিডে বাড়ল ৮০০ মিলিয়ন ঘনফুট গ্যাস

কক্সবাজারের মহেশখালীতে অবস্থিত ভাসমান এলএনজি টার্মিনাল থেকে জাতীয় গ্রিডে প্রাকৃতিক গ্যাস সরবরাহ বৃদ্ধি পেয়েছে। বুধবার সন্ধ্যা থেকে সরবরাহ আগের চেয়ে ২৩০ মিলিয়ন ঘনফুট বেড়ে ৮০০ মিলিয়ন ঘনফুটে দাঁড়িয়েছে। বৃহস্পতিবার দুপুরে রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানি লিমিটেডের (আরপিজিসিএল) চট্টগ্রামের উপ-মহাব্যবস্থাপক মো. নাছির উদ্দীন এই তথ্য নিশ্চিত করেছেন।

আরপিজিসিএল কর্মকর্তা জানান, ক্ষতিগ্রস্ত এফএসআরইউ বা ভাসমান টার্মিনালটির মেরামত কাজ শেষ হলে পূর্ণাঙ্গ উৎপাদনে যাওয়া সম্ভব হবে। এর আগে গত ২১ জুলাই এক্সিলারেট এনার্জির টার্মিনালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে পুরো অপারেশন বন্ধ হয়ে যায়। এর ফলে নিয়মিত ৯৫০ থেকে ১০০০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহের বদলে তা অর্ধেকে নেমে এসেছিল।

গ্যাস সংকটের প্রভাব শিল্প খাতেও পড়তে শুরু করেছে। চট্টগ্রাম ইপিজেডের অন্যতম বড় রপ্তানিকারক প্রতিষ্ঠান প্যাসিফিক জিন্স গ্রুপ গত ৫ আগস্ট তাদের ৯টি কারখানা বন্ধ ঘোষণা করতে বাধ্য হয়। চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি খলিলুর রহমান এই সংকটে গভীর উদ্বেগ প্রকাশ করে দ্রুত সমাধানের আহ্বান জানিয়েছেন।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...