মেধা ও সৃজনশীলতা বিকাশে শিল্পচর্চার বিকল্প নেই: চসিক মেয়র
চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, শিশুদের মানসিক বিকাশ ও সৃজনশীলতার ধারক হওয়ার পথে শিল্পচর্চা এক অনবদ্য মাধ্যম। তিনি বলেন, চিত্রাঙ্কনের মতো কাজগুলো শুধু বিনোদন নয়, বরং এটি শিশুদের একজন আদর্শ ও মানবিক মানুষ হিসেবে গড়ে তুলতে সহায়ক ভূমিকা পালন করে। গত মঙ্গলবার নগরীতে আয়োজিত এক চিত্রাঙ্কন প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নবাব সিরাজুদ্দৌলা রোডের সাফা আর্কেড কমিউনিটি সেন্টারে রোটারি ক্লাব অব ইসলামাবাদ, চট্টগ্রামের উদ্যোগে ২৭তম রাফি স্মৃতি আর্ট কম্পিটিশন ২০২৬ অনুষ্ঠিত হয়। ক্লাবের পাস্ট প্রেসিডেন্ট রোটারিয়ান ওসমান গণি মনসুরের পুত্র প্রয়াত রাফির স্মরণে আয়োজিত এই আয়োজনে চট্টগ্রাম ও এর আশপাশের বিভিন্ন স্কুলের প্রায় ৪৫০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। শিক্ষার্থীদের বয়স ও শ্রেণি অনুযায়ী তাদের তিনটি গ্রুপে ভাগ করে প্রতিযোগিতাটি সম্পন্ন করা হয়।
এবারের প্রতিযোগিতায় প্রধান বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব শিকাগোর ইনস্টিটিউট অব ফাইন আর্টসের সহযোগী অধ্যাপক হাইদারি আন্দালুসিয়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রোটারি ক্লাবের সভাপতি মো. সেলিম রেজা সাগর। এ সময় আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি জাহিদুল করিম কচি, ক্লাবের পাস্ট প্রেসিডেন্ট ক্যাপ্টেন ওস্তাদ আজিজুল ইসলাম, শফিকুল আলম খান, ইসহাক চৌধুরী ও মাহফুজুর রহমান।
অংশগ্রহণকারী শিক্ষার্থীরা রং-তুলির আঁচড়ে তাদের নিজস্ব কল্পনাজগত ও শিল্পভাবনা তুলে ধরে। প্রতিটি গ্রুপের সেরা ৩ জন করে মোট ৯ জনকে গ্র্যান্ড পুরস্কার এবং ১০ জন করে ৩০ জনকে বিশেষ পুরস্কারের জন্য মনোনীত করা হয়। বিজয়ীদের হাতে ক্রেস্ট, সনদপত্র ও প্রাইজবন্ড তুলে দেওয়া হয়। এছাড়াও প্রতিযোগিতায় অংশ নেওয়া সকল শিক্ষার্থীকে সনদপত্র ও সৌজন্য পুরস্কার প্রদান করা হয়।

